নেত্রকোনায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

২৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ PM
খালিয়াজুরি থানা

খালিয়াজুরি থানা © সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরিতে ধনু নদে মাছ ধরতে যাওয়া এক জেলের নৌকা আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিক দল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জেলে ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী জেলের নাম মো. মামুন মিয়া। শ্রমিক দলের ওই নেতার নাম কামরুল মিয়া। কামরুল মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও পাঁচহাট গ্রামের বাসিন্দা। অন্য অভিযুক্তরা একই গ্রামের বাসিন্দা। অন্যদিকে অভিযোগকারী জেলে মামুন মিয়া একই গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

অভিযোগ তদন্তের দায়িত্বে রয়েছেন খালিয়াজুরি থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস রহমান। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে তিনি বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগ সূত্রে জানা যায়, ‘মামুন মিয়া জীবিকার প্রয়োজনে ধনু নদে মাছ ধরেন। উপজেলার পাঁচহাট এলাকায় ধনু নদে কামরুল মিয়াসহ কয়েকজন ব্যক্তি অবৈধভাবে বাঁশের ঘের দিয়ে মিম (মাছের আবাসস্থল) তৈরি করে রেখেছেন। স্থানীয় জেলেরা সেখানে মাছ ধরতে গেলে তারা বাধা দেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে মামুন নৌকা, জাল ও বড়শি নিয়ে নদীতে মাছ ধরতে গেলে অভিযুক্তরা তাকে বাধা দেয় এবং তাদের অবৈধ ঘের থেকে তিনশো মিটার দূরে গিয়ে মাছ ধরতে বলেন। তিনি (বাদী) এতে আপত্তি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ইঞ্জিনচালিত নৌকা, জাল ও বড়শি জোরপূর্বক নিয়ে যায় এবং নিজেদের ঘাটে আটক রাখে। এ সময় তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে নৌকা ফেরত না দেওয়ার হুমকি দেয়।’

এ ছাড়া ঘটনার আগের দিন একই এলাকায় মামুন মিয়ার এক সহযোগীকেও মারধর করে তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও বড়শি ছিনিয়ে নেয় কামরুল ও সহযোগীরা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত কামরুল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী ইউমান স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, ‘অভিযোগ পুরোপুরি মিথ্যা। মামুন আওয়ামী লীগের রাজনীতি করেন। দীর্ঘ বছর তিনি ধনু নদে চাঁদাবাজিসহ আমাদের দলের নেতাকর্মীদের হয়রানি করেছেন। মামুনের কাছে এক ব্যক্তি টাকা পায়, সেই কারণে ওই ব্যক্তি তার নৌকা আটক করেছিল। এখন তিনি প্রতিহিংসাপরায়ণ হয়ে আমাদের শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এই মিথ্যা অভিযোগের বিষয়ে স্থানীয় সবাই অবগত রয়েছেন।’

ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দ…
  • ১২ অক্টোবর ২০২৬
জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬