© সংগৃহীত
এবার ফেনীর দাগনভূঞায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান শিক্ষক মো. আবদুল করিম খান বাহাদুর। বৃহস্পতিবার সকালে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম এমরানের আদালতে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি। উপজেলার খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মদ পাঠান ও আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আবদুল করিম খানকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম এমরানের আদালতে হাজির করা হয়। সেখানে তিনি ওই স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের কথা স্বীকার করেন।
সর্বশেষ গত ২৮ মার্চ ওই ছাত্রীকে ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক। পরিবার বা অন্য কাউকে বিষয়টি যেন না জানায়, সেজন্য ওই ছাত্রীকে তিনি নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন বলেও স্বীকার করেছেন তিনি।
ওসি মো. সালেহ আহম্মদ পাঠান বলেন, ওই ছাত্রী একই আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। পরে শনিবার ও রবিবার দুই দফায় ফেনী সদর হাসপাতালে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, গত ৪ এপ্রিল প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়। পরে ৫ এপ্রিল ওই ছাত্রীর বড় বোন বাদী হয়ে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ৭ এপ্রিল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি ওই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেন। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে ঘটনার দায় স্বীকার করেন ওই শিক্ষক।