রাজধানীর পরিবহনে ছাত্র-ছাত্রীদের ভাড়া অর্ধেক করার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা ১২টার দিকে কলেজের শতাধিক শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেয়। এ সময় তারা হাফ ভাড় কার্যকরের দাবিতে, উইনার, বিকাশ, ভিআইপি পরিবহনের অন্তত ২৫টি বাস আটক করে।
শিক্ষার্থীরা জানান, আমরা আন্দোলন করছি সকলের জন্য। আমরা আশ্বাস শুনতে চাই না। হাফ ভাড়া কার্যকর চাই। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন করছি। বাস আটকে রাখা হয়েছে; কিন্তু কোন ধরণের ভাংচুর চালানো হয়নি। দাবি আদায় না হলে এরপরও এই আন্দোলন চলবে। কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাসুম নামে এক শিক্ষার্থী জানান, মোট ২৫টি বাসকে আটক করা হয়েছিল। তবে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাসে কয়েকটি ছাড়া বাকিগুলোকে ছেড়ে দেয়া হয়েছে।
রুবেল হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, ছাত্রদের জন্য হাফ ভাড়া সরকার অনেক আগে করে রেখেছে কিন্তু এই বাসগুলো সরকারের কথা মতো কাজ করছে না। নিজেদেরই সরকার ভাবে আর রাস্তাটাও। হাফ ভাড়া নেই কিন্তু সিটিং সার্ভিসের কথা বলে দাঁড়িয়ে আসতে হয়। তিনি ‘হাফ-পাস নাই’ বাসগুলোকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
জানতে চাইলে নিউমার্কেট থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়টি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। বর্তমানে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, ঢাকা কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লা বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক। এই রুটের বাসগুলো সরকারি নির্দেশ অমান্য করে হাফ ভাড়া নেয় না। অনেক সময় আমাদের শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তাই শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। আমি সব বাস মালিকদের অনুরোধ করব, তারা যেন সরকারি নির্দেশনা বাস্তবায়ন করে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেন।
এর আগে গত বছরের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষির সময় প্রাণ যাওয়ার ঘটনায় নিরাপদ সড়ক আন্দোলনেও হাফ ভাড়ার দাবি উঠেছিল। সে সময় শিক্ষার্থীরা দাবি জানিয়েছিল, শুধু ঢাকা নয়, সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।