© টিডিসি ফটো
বরিশালে ছয় বছর বয়সী প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবকের নাম জেহাদ (৩০) এবং তিনি একজন রিকশাচালক। গত সোমবার নগরীর বান্দরোড সংলগ্ন স্টেডিয়াম কলোনি থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি রাতে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নগরের স্টেডিয়াম কলোনির পেছনে ধর্ষণ করেন রিকশাচালক জেহাদ। এসময় ওই শিশুর চিৎকারে লোকজন ছুটে গেলে জেহাদ পালিয়ে যান।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, মেয়েটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালটির ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) সে চিকিৎসাধীন। এই ঘটনায় শিশুটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
পুলিশের ভাষ্যমতে, ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় মহল চেষ্টা চালাচ্ছিলো। সেটি সালিসের মাধ্যমে মীমাংসা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে জেহাদকে আটক করা হয়।