© গ্রাফিক্স ফটো
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় এক বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে শিক্ষার্থীর বাবা নিজে বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
অভিযোগে জানা গেছে, বুদ্ধি প্রতিবন্ধী শিশুটি (১৪) মনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সম্প্রতি সে বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় একইগ্রামের দুই সন্তানের জনক মৃত আজাহার আলীর ছেলে মিজানুর রহমান মিজান (৩৫) ওই শিক্ষার্থীকে একা পেয়ে তার পথরোধ করে। পরে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাশের একটি গম ক্ষেতে নিয়ে জোরপুর্বক ধর্ষণ করে। এরপর ওই শিক্ষার্থীর হাতে ১০০ টাকা ধরিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়।
এদিকে শিশুটি বাড়ি এলে তার আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তার মা। এ অবস্থায় তাকে জিজ্ঞাসা বাদ করলে সে মায়ের কাছে ঘটনাটি জানায়। পরের দিন আসামীর চাচাতো ভাই বাদশা বিষয়টির বিচার করে দেয়ার আশ্বাস দিয়ে পুলিশে জানাতে নিষেধ করেন। কিন্ত ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও স্থানীয়ভাবে এ বিষয়ে কোন সমাধান না হওয়ায় তার বাবা বাদি হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করেন।
শিক্ষার্থীর বাবা জানান, আমি একজন ভ্যানচালক। আমার ও আমার মেয়ের সম্মানের কথা চিন্তা করে প্রথমে কাউকে কিছু বলিনি। পরে ঘটনাটি আস্তে-আস্তে জানাজানি হয়ে যায়। এ অবস্থায় আসামী পক্ষ উল্টো হুমকি দেওয়ায় নিরুপায় হয়ে আমি থানায় মামলা করেছি।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মহাসীন আলী জানান, প্রতিবন্ধী ওই শিক্ষার্থীকে সাথে করে এসে তার বাবা থানায় মামলা করেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। আসামী মামলা করার খবর পেয়ে পালিয়েছে। তাকে ধরার জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।