রংপুরে এক নারীকে বিবস্ত্র করে লাঠিপেটার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

১৮ নভেম্বর ২০২৪, ০১:০৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জে এক গৃহবধূকে প্রকাশ্যে বিবস্ত্র করে লাঠিপেটা করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মামলা করা হলে পুলিশ গতকাল রবিবার (১৭ নভেম্বর) রাতে দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার দুজন হলেন বদরগঞ্জ উপজেলার উত্তর মাদাইখামার গ্রামের সাইফুল ইসলাম (৫০) ও গোলজার হোসেন (৬০)। মামলায় ওই দুজনসহ ছয়জনকে আসামি করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওই নারীর চুল ধরে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তাকে তিনজন পুরুষ ও দুজন নারী লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছিলেন। বাধা দেওয়ায় মারধর করা হয় ওই নারীর বৃদ্ধ মাকেও।

এ ঘটনায় বদরগঞ্জ থানায় গত শনিবার সকালে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। তবে রবিবার বিকেল পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে পুলিশ রাতেই মামলাটি নেয় ও দুজনকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে বলা হয়েছে, ওই নারীর স্বামী অনেক বছর আগে মারা গেছেন। বৃদ্ধ মা ও ছেলেকে নিয়ে তিনি থাকেন। গত শুক্রবার দুপুরের দিকে বাড়ির পাশে ওই নারীর জমিতে কেটে রাখা ধান গরু ঢুকে নষ্ট করে। একে কেন্দ্র করে প্রতিবেশী গোলজার হোসেনের সঙ্গে ওই নারীর ঝগড়া হয়। পরে ওই দিন বিকেলে গোলজার হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে তাকে লাঞ্ছিত ও লাঠিপেটা করেন। বাধা দেওয়ায় ওই নারীর বৃদ্ধ মাকেও পেটান আসামিরা। পরে অন্য প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাকির মোবাশ্বির জানান, দুই নারীকে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। এতে ভুক্তভোগী নারীর মায়ের মাথা ফেটে গেছে। আর ভুক্তভোগী নারীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম হয়েছে। তারা শঙ্কামুক্ত, তবে তাঁদের সুস্থ হতে খানিকটা সময় লাগবে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান বলেন, ওই ঘটনায় পাওয়া লিখিত অভিযোগ গতকাল থানায় মামলা হিসেবে নেওয়া হয়েছে। রাতেই ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তার করা হবে।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close