মেয়ে পছন্দ না হওয়ায় কনেপক্ষের হামলা, বরের দুলাভাই নিহত

১৩ এপ্রিল ২০২৪, ০৮:৫৭ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:২০ PM

© ফাইল ফটো

বাগেরহাটের মোল্লাহাটে বিয়ে বাড়িতে কনেপক্ষের হামলায় বরের দুলাভাই আজিজুল হক (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আংড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক খুলনার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের বোন জামাই। তার এক স্ত্রী ও ৪টি কন্যা সন্তান রয়েছে।

বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, ‘আংড়া এলাকার এক ব্যক্তির মেয়ের সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছি যে ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তেই আজকে আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন কনেপক্ষের লোকজন আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় আমার বড় জামাতা আজিজুল হক নিহত হয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।’

জানা গেছে, ফেসবুকে ৪ মাস প্রেমের পর চুনখোলা ইউনিয়নের আংড়া গ্রামের শাহাদত মুন্সির মেয়ের সঙ্গে একই উপজেলার গাংনী গ্রামের মো. গাজীর ছেলে হাফিজুর রহমানের বিয়ে ঠিক হয়। শুক্রবার সন্ধ্যায় বিয়ের দিন ধার্য ছিল। কেউ কাউকে না দেখেই প্রেমিকসহ বরপক্ষ বিয়ের জন্য এসেছিল চুনখোলা ইউনিয়নের আংড়া গ্রামের শাহাদত মুন্সির বাড়িতে। পরে প্রেমিকাকে সরাসরি দেখে পছন্দ না হওয়ায় বরপক্ষের সবাই চলে যেতে থাকে।

ওই সময় কনেপক্ষের আত্মীয়-স্বজনের সঙ্গে বরপক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিয়ের আসরেই কনেপক্ষের ১০/১২ জন বর হাফিজুর রহমানের দুলাভাই আজিজুল হক মোল্লাকে মারধর করে। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় আজিজুল হককে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম বলেন, হামলায় নিহত আজিজুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬