ভাই-ভাতিজা মিলে সরকারি কলেজের শিক্ষক বড় ভাইকে পিটিয়ে হত্যা

২৮ জানুয়ারি ২০২৪, ১০:৪১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
রেজা সাঈদ আল মামুন

রেজা সাঈদ আল মামুন © ফাইল ছবি

জমি নিয়ে বিরোধের জেরে সরকারি কলেজের এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছোট ভাই ও দুই ভাতিজার বিরুদ্ধে। আজ রবিবার বিকেল সাড়ে চারটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভাই ও ভাতিজারা পলাতক। 

নিহত ব্যক্তি হলেন কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে রেজা সাঈদ আল মামুন (৫৫)। তিনি শ্রীপুর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।

জানা যায়, রেজা সাঈদ আল মামুন অন্যান্য দিনের মতো আজ সকালে কলেজে যান। দুপুরের পর বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে বাড়ির পাশে একটি জমিতে জমে থাকা আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় পেছন দিক থেকে হঠাৎ সাঈদ আল মামুনকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন তাঁর ছোট ভাই মজিবুর এবং তাঁর দুই ছেলে সুমন ও সেজান। পরে বাড়ির ও আশপাশের লোকজন অচেতন অবস্থায় সাঈদ আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। 

খবর পেয়ে কালিয়াকৈর থানা–পুলিশ রাত আটটার দিকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করছিল। পুলিশ জানায়, সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠানো হবে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, জমিজমা বিরোধকে কেন্দ্র করে ওই কলেজ শিক্ষককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহত ব্যক্তির শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

নিহত সাঈদ আল মামুনের মেয়ে সুমাইয়া শাহরিন বলেন, আমার বাবা বাড়ির পাশের জমিতে কাজ করতে গেলে পেছন দিক থেকে হঠাৎ চাচা মজিবুর ও চাচাতো ভাই সুমন ও সেজান মারধর করে হত্যার পর ফেলে রাখে। তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী আমার বাবাকে হত্যা করেছে। এর আগেও কয়েকবার আমার বাবাকে তারা মেরেছে।

নিহত ব্যক্তির শ্যালক আল মামুন জানান, তাঁর বোন জামাই ভাইদের নির্যাতনের কারণে দীর্ঘদিন কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত দুই বছর আগে তিনি আবার গ্রামের বাড়ি ফিরে আসেন। সেখানে যাওয়ার পর ভাইদের সঙ্গে জমিজমা দিয়ে বিরোধ চলে আসছিল।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close