© সংগৃহীত
ফেনীর সোনাগাজীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল কাইয়ুম (৩০) নামের এক মাদ্রাসাশিক্ষক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ফেনী-সোনাগাজী সড়কের ডাক বাংলা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জেলার ছাগলনাইয়া উপজেলার একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
নিহত ব্যক্তির চাচা আবদুল জলিল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, গতকাল সন্ধ্যায় মাদ্রাসায় ফেরার পথে উপজেলার ডাক বাংলা এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে আবদুল কাইয়ুমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুন: ইউজিসির প্রতিক্রিয়ার আবারও পাল্টা জবাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের
সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম সরকার গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পান, সড়কের ওপর আবদুল কাইয়ুমের লাশ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। লাশ ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যান তাঁরা। ঘাতক বাসটিকেও শনাক্ত করা হয়েছে। পরিবারের অনুরোধের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।