অন্তর চক্রবর্তী © সংগৃহীত
নিখোঁজের ৪২ ঘণ্টা পর কিশোরগঞ্জের মিঠামইন হাওর থেকে অন্তর চক্রবর্তীর (৩২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। রোববার সকাল সোয়া ৯টার দিকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার (১১ আগস্ট) পরিবার ও স্বজনদের সঙ্গে হাওরে ঘুরতে যান অন্তর।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। অন্তর যুব ইউনিয়নের জাতীয় পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি ঝালকাঠির কাঠপট্টি গ্রামের উত্তম চক্রবর্তীর ছেলে।
আবুজর গিফারী জানান, পরিবারের সদস্য ও স্বজনসহ ১০ জন শুক্রবার নিকলীর হাওর পাড়ের বেড়িবাঁধ থেকে ট্রলারে করে মিঠামইনে ঘুরতে যান। এর মধ্যে পাঁচজন নারী, তিনজন পুরুষ ও দুই শিশু ছিল। দুপুরে হাওরের ঘোড়াউত্রা নদীর মাঝে ট্রলারে বসে গোসল করছিলেন অন্তর। এ সময় পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।
খবর পেয়ে পাঁচজন ডুবুরি উদ্ধার অভিযানে নামেন। রাতে বন্ধ থাকলেও শনিবার সকাল থেকে শুরু হয়। আজ রোববার সকালে অন্তরের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।