মিরপুরে বৃষ্টি © টিডিসি ফটো
মিরপুরে বৃষ্টির পাশাপাশি আলোকস্বল্পতা, গ্যালারিতে অপেক্ষা আর মাঠে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েও দ্বিতীয় ইনিংসে স্বস্তিতে থাকতে পারল না স্বাগতিকরা। রোস্টন চেজের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা।
দ্বিতীয় সেশনে মাত্র ৫ রান যোগ করতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। চা বিরতির আগে ৪ উইকেটে ৩৪ রান তুলেছে টাইগাররা। সব মিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ৬১ রানে।
এর আগে দ্বিতীয় সেশনের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে দিতে সক্ষম হয় বাংলাদেশ। নাঈমের দুর্দান্ত বোলিংয়ে ২৪৫ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। বল হাতে চারটি উইকেট শিকার করেন নাঈম। এতে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ।
তবে ব্যাটিংয়ে নেমেই ধাক্কা খায় স্বাগতিকরা। নিজের ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান। জোসেফের লেগ স্টাম্পে করা ফুল লেংথের বলটি ফ্লিক করতে গিয়ে গালিতে ক্যাচ তুলে দেন তিনি। প্রথম ইনিংসে ৭ রান করা তানজিদ এবার রানের খাতাই খুলতে পারেননি।
তিন নম্বরে ব্যাট করতে নেমে সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে কিছুটা স্বস্তি ফিরলেও সেই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৩ রান করে সাদমানের বিদায়ে ভাঙে জুটি।
এরপর নিজের ঘূর্ণিতে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন রোস্টন চেজ। ওভারের প্রথম বলে সাদমানকে বোল্ড করার পর চতুর্থ বলে ফিরিয়ে দেন তাওহীদ হৃদয়কে। বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন হৃদয়। চেজের ওপর চাপ তৈরির চেষ্টা করতে গিয়ে উল্টো দলকেই চাপে ফেলে যান তিনি।
পরে চেজের শিকার হন নাজমুল হোসেন শান্তও। এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি।
নাজমুলের বিদায়ের পর কনকাশন সাব হিসেবে মাঠে নামেন জাকের আলী। মুমিনুল হকের পরিবর্তে ব্যাটিংয়ে নামা জাকেরের সামনে এখন দলের বিপর্যয় সামলে লিড বাড়ানোর কঠিন চ্যালেঞ্জ।
মিরপুরে বৃষ্টির কারণে আগেই নেওয়া হয় চা বিরতি। দ্বিতীয় সেশনের পুরোটা সময়ই কার্যত আধিপত্য বিস্তার করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে লিড নিতে না পারলেও বল হাতে দ্রুত চার উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান শক্ত করেছে ক্যারিবীয়রা।