সেঞ্চুরিতে রেকর্ড, এখন তামিমের পরই সাদমান

২৯ অক্টোবর ২০২৬, ১০:১৭ AM
সাদমান ইসলাম

সাদমান ইসলাম © সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর সেঞ্চুরি, আর সেই শতকেই একসঙ্গে একাধিক অর্জন। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ধৈর্যের পরিচয় দিয়ে নতুন রেকর্ড গড়েছেন সাদমান ইসলাম। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। পেছনে ফেলেছেন জাভেদ ওমরকে। সেঞ্চুরির সংখ্যাতেও ছাড়িয়ে গেছেন মাহমুদুল হাসান জয় ও ইমরুল কায়েসকে।

বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিন সকালে সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান। আগের দিন শেষ বিকেলে তিন অঙ্ক থেকে মাত্র এক রান দূরে ছিলেন বাঁহাতি এই ওপেনার। নতুন দিনের দ্বিতীয় বলেই দুই রান নিয়ে অপেক্ষার অবসান ঘটান তিনি। ১০টি চারের সাহায্যে ২২১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ৩১ বছর বয়সী এই ব্যাটার।

প্রায় ৮ বছরের টেস্ট ক্যারিয়ারে এটি সাদমানের তৃতীয় সেঞ্চুরি। সাদা পোশাকে ১৭ ইনিংস পর তিন অঙ্কের দেখা পেলেন তিনি। এর আগে ২০২১ সালে হারারেতে এবং ২০২৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাদমান।

আগের দিনই ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে ২০০-র বেশি বল খেলার কৃতিত্ব অর্জন করেন তিনি। সেই ধৈর্যের ধারাবাহিকতা ধরে রেখেই দ্বিতীয় দিনের শুরুতে পৌঁছে যান কাঙ্ক্ষিত মাইলফলকে। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টেকেনি তার ইনিংস। ২৩৪ বলে ১১ বাউন্ডারিতে ১০৫ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ওপেনার।

এই সেঞ্চুরির সুবাদে বাংলাদেশের টেস্ট ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তামিম ইকবালের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাদমান। অবসরের আগে ৭০ ম্যাচের ১৩৩ ইনিংসে তামিমের সংগ্রহ ছিল ৫ হাজার ৯৫ রান। এতদিন দ্বিতীয় স্থানে থাকা জাভেদ ওমর ৪০ ম্যাচের ৭৮ ইনিংসে করেছিলেন ১ হাজার ৬৭৮ রান।

মিরপুর টেস্ট শুরুর আগে ৩১ ম্যাচের ৫৯ ইনিংসে সাদমানের রান ছিল ১ হাজার ৫৭৮। সেঞ্চুরি করে জাভেদকে ছাড়িয়ে যান তিনি।ওপেনারদের সেঞ্চুরির তালিকাতেও তামিমের পরেই এখন সাদমান। তামিমের টেস্ট সেঞ্চুরি ১০টি, আর সাদমানের হলো তিনটি। এর আগে দুইটি করে সেঞ্চুরি ছিল মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস ও সাদমানের।

নদী থেকে একদিন পর উদ্ধার, যেভাবে পরিচয় মেলে বিমানবাহিনীর তা…
  • ২৯ অক্টোবর ২০২৬
১৫০০ টাকায় বিক্রি হওয়া প্রশ্ন ফাঁসের তদন্তে বেরিয়ে এলো থলের…
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফ…
  • ২৯ অক্টোবর ২০২৬
সেঞ্চুরিতে রেকর্ড, এখন তামিমের পরই সাদমান
  • ২৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৯ অক্টোবর ২০২৬
সুদানে বাজারে ড্রোন হামলা, নিহত শতাধিক
  • ২৯ অক্টোবর ২০২৬