শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ

১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ AM
 বাংলাদেশ চ্যাম্পিয়নস দল

বাংলাদেশ চ্যাম্পিয়নস দল © টিডিসি ফটো

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শক্তিশালী ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদের দলের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারত। বাংলাদেশের জয়ে বল হাতে বড় অবদান রাখেন এনামুল হক জুনিয়র ও আবু জায়েদ রাহী।

এর আগে টানা তিন ম্যাচে হারের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দারুণ লড়াই করে জয় তুলে নেয় দলটি।

টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক যুবরাজ সিং। শুরুতেই ইমরুল কায়েস ৬ বলে ১০ রান করে ফিরে গেলেও রনি তালুকদারের ব্যাটে এগিয়ে যায় বাংলাদেশ। ২৫ বলে ৪০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।

তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ফজলে মাহমুদ ৩, জহুরুল ইসলাম ৬ এবং অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মাত্র ১ রান করে আউট হন। এতে চাপে পড়ে যায় দল।

সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন নাসির হোসেন ও আরাফাত সানি। নাসির ২১ বলে ২৪ রান করেন। অন্যদিকে আরাফাতের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৭ রান। শেষ দিকে আবু জায়েদের ১০ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে ভারত। আম্বাতি রাইডু ৩, অধিনায়ক যুবরাজ সিং শূন্য এবং রবিন উথাপ্পা ১৫ রান করে সাজঘরে ফেরেন। একপর্যায়ে মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে ভারতীয় দল।

এরপর ইরফান পাঠান ও রিশি ধাওয়ান দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। ইরফান ৪১ বলে ২৪ রান করেন। রিশি ১৮ বলে ২৪ রান করে জয়ের আশা বাঁচিয়ে রাখেন। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রয়োজনীয় রান তোলার গতি ধরে রাখতে পারেনি ভারত।

শেষ দিকে পবন নেগি ও পীযূষ চাওলা দ্রুত রান তুলে ম্যাচ জমিয়ে তোলেন। নেগি ১৪ বলে ২৬ এবং চাওলা ১৮ বলে ২৪ রান করেন। তাঁদের ব্যাটিংয়ে শেষ মুহূর্তে জয়ের সম্ভাবনা তৈরি হলেও লক্ষ্য থেকে ৩ রান দূরে থেমে যায় ভারত।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন এনামুল হক জুনিয়র। তাঁর ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। অন্যদিকে আবু জায়েদ রাহী ৪ ওভারে ২৬ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। রুবেল হোসেন ও কামরুল ইসলাম নেন একটি করে উইকেট।

ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টা এবং বোলারদের কার্যকর পারফরম্যান্সে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে বাংলাদেশ চ্যাম্পিয়নস। টানা তিন ম্যাচে হারের পর এই জয় দলটির জন্য বড় স্বস্তি হয়ে আসে।

নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬