মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো

০৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ AM
 মেসি ও রোনালদো

মেসি ও রোনালদো © সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির ২১ বছরের অধ্যায় শেষ হয়েছে। বিদায়ী ম্যাচের পর আবেগঘন পোস্টে জাতীয় দলের জার্সি মিস করার কথা জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। সেই পোস্টেই এবার শুভেচ্ছা জানিয়েছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ও পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির অর্জনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে ভালোবাসার বার্তাও দিয়েছেন রোনালদো।

আগস্টের শেষদিকে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) চেয়েছিল, ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলে স্বদেশি সমর্থকদের সামনে জাতীয় দলকে বিদায় জানান তিনি। সেই পরিকল্পনা অনুযায়ী বুধবার বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামেন মেসি। ম্যাচের পর তাকে দেওয়া হয় বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা।

এরপর নিজের ইনস্টাগ্রামে জাতীয় দল থেকে বিদায়ের কিছু স্থিরচিত্র প্রকাশ করে অনুভূতি জানান মেসি। তিনি লেখেন, ‘গতকাল ছিল (জাতীয় দলে) আমার শেষ ম্যাচ এবং নীল-সাদা জার্সিটা গায়ে জড়ানোর অভাব এখনই অনুভব করছি। আমি জানি আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আনন্দ আর কিছুটা বিষাদে ভরা। তবে এটুকু নিশ্চিত যে, আমার নেওয়া প্রতিটি পদক্ষেপই ছিল সার্থক।’

বিদায়ী ম্যাচে পরিবারের সদস্যদের নিয়ে মনুমেন্তাল স্টেডিয়ামে হাজির হয়েছিলেন মেসি। নিজের পোস্টে পরিবারকে নিয়ে আবেগের কথাও জানান তিনি। মেসি লেখেন, ‘আমার আরও অনেক কিছু বলার আছে। আমার মনের সব অনুভূতি শব্দ বা কোনো পোস্টের মাধ্যমে প্রকাশ করা অসম্ভব। পরিবারকে ছাড়া এই যাত্রা কখনোই সম্ভব হতো না, তারা সবসময় আমার পাশে থেকেছে ও আমাকে সমর্থন জুগিয়েছে। বিশেষ করে সেই কঠিন মুহূর্তগুলোতে, যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।’

জাতীয় দলের বন্ধু, সতীর্থ ও কোচিং স্টাফদের কথাও স্মরণ করেছেন মেসি। একই সঙ্গে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। মেসি বলেন, ‘আমার বন্ধু ও সতীর্থরা এবং তাদের সঙ্গে থাকা টেকনিক্যাল স্টাফরাও ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি দিয়েগোর (ম্যারাডোনা) কথা ভুলে যেতে চাই না, যিনি আমাদের দেশকে তার প্রাপ্য মর্যাদার আসনে বসিয়েছিলেন। আমি সবসময়ই বলি, আমাদের প্রতিটি পদক্ষেপে তিনি আমাদের পাশে থেকে এবং স্বর্গ থেকেও আমাদের সহায়তা করেছেন।’

পেশাদার ক্যারিয়ারে যেসব ক্লাবের হয়ে খেলেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। ইন্টার মায়ামির সঙ্গে এখনও চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ড বলেন, ‘আমি যেসব ক্লাবের হয়ে খেলেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ তারা সবসময়ই আমার আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং জাতীয় দলের জার্সি গায়ে দেশের জন্য নিজেকে নিবেদিত করার সুযোগ করে দিয়েছে। আর অবশ্যই, ঈশ্বরের প্রতিও ধন্যবাদ। তার নির্দেশনা ও ইচ্ছা ছাড়া এতদূর আসার স্বপ্ন দেখাও আমাদের পক্ষে সম্ভব হতো না। আমি কৃতজ্ঞ, আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। আপনাদের মিস করব এবং সবসময় আমার ও আমাদের পাশে থাকায় ধন্যবাদ।’

মেসির ওই ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যের ঘরেই শুভেচ্ছা জানান রোনালদো। দীর্ঘদিন মাঠের পারফরম্যান্সে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত দুই মহাতারকার একজনের আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়বেলায় অন্যজন লিখেছেন, ‘লিও, এত বছর ধরে দেশের হয়ে লড়াই করার পর তুমি এমন এক ইতিহাস গড়েছ যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। অনেক ভালোবাসা।’

মেসি ও রোনালদো দীর্ঘ সময় ধরে বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে দুজনেই অসংখ্য ব্যক্তিগত ও দলীয় সাফল্য অর্জন করেছেন। মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের মুহূর্তে রোনালদোর এই শুভেচ্ছাবার্তা সেই দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার বাইরে দুই তারকার পারস্পরিক শ্রদ্ধার আরেকটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬
মাথায় বুলেট নিয়েই ২ বছর পর চলে গেলেন আবু সাঈদের সহযোদ্ধা চন…
  • ০১ নভেম্বর ২০২৬