লেজেন্ডস লিগে বাংলাদেশ দল © সংগৃহীত
বিশ্বের সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) পরবর্তী আসরে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের। টুর্নামেন্টের আসন্ন আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠে নামবে দলটি। দলে রয়েছেন নাসির হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়াউর রহমান ও এনামুল হক জুনিয়র। এ ছাড়া মোহাম্মদ আশরাফুলসহ সাবেক আরও কয়েকজন ক্রিকেটারেরও টুর্নামেন্টে খেলার কথা রয়েছে।
আগামী ৩ অক্টোবর পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ডব্লিউসিএলে নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি।
এরপর ৫ অক্টোবর ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ অক্টোবর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স। ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্স, ১২ অক্টোবর ভারত চ্যাম্পিয়ন্স এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহর দল।
আরও পড়ুন: বাংলাদেশ ভারত সেমিফাইনালসহ টিভিতে আজকের খেলা
গত বছর ইংল্যান্ডে বসেছিল ডব্লিউসিএলের সর্বশেষ আসর। সেই আসরে শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স। এবার আগের ছয় দলের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ফলে এবারের আসরে অংশ নেবে মোট সাতটি দল—বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।
টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দলেই খেলবেন সংশ্লিষ্ট দেশের সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহর নেতৃত্বে অভিজ্ঞ সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি এবার নিজেদের সামর্থ্য দেখাবে লেজেন্ডস লিগের মঞ্চে।
বাংলাদেশ দল—মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ আশরাফুল, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, নাসির হোসেন, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, জিয়াউর রহমান ও এনামুল হক জুনিয়র।