সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ PM
 গ্লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল © টিডিসি ছবি

ক্রিকেটে ‘সর্বকালের সেরা ব্যাটার’ কে—এই প্রশ্নের একক উত্তর নেই। তবে নিজের দেখা ক্রিকেটারদের মধ্যে ওয়ানডের সেরা হিসেবে বিরাট কোহলিকে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আর টেস্ট ক্রিকেটে তার পছন্দ স্বদেশি ব্যাটার স্টিভেন স্মিথ। দুই ফরম্যাটে দুই মহাতারকাকেই সবার ওপরে রেখেছেন তিনি।

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হ্যাডিন ও অ্যালিসা হিলির সঞ্চালিত একটি পডকাস্টে অংশ নিয়ে ক্রিকেটের বিভিন্ন সংস্করণে সেরা ব্যাটারদের নিয়ে নিজের মূল্যায়ন জানান ৩৭ বছর বয়সী ম্যাক্সওয়েল। ওয়ানডে ক্রিকেটের প্রসঙ্গে কথা বলতে গিয়ে কোহলির ভূয়সী প্রশংসা করেন তিনি। বিশেষ করে বলের টাইমিং এবং মাঠের ফাঁকা জায়গা খুঁজে নিখুঁত শট খেলার দক্ষতার কথা তুলে ধরেন ম্যাক্সওয়েল।

কোহলির পারফরম্যান্সের মান অন্য ক্রিকেটারদের চেয়ে অনেক ওপরে উল্লেখ করে ম্যাক্সওয়েল বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে আমার দেখা সেরা খেলোয়াড় হলেন কোহলি। আমাদের বিপক্ষে তিনি যেসব ইনিংস খেলেছেন, তা ছিল অবিশ্বাস্য। বল খেলার জন্য তিনি যেন বাড়তি সময় পান। মাঠের যেখানে চান, সেখানেই তিনি বল পাঠাতে পারেন। সত্যিই তিনি অন্য উচ্চতার একজন খেলোয়াড়।’

পরিসংখ্যানও ম্যাক্সওয়েলের এই মূল্যায়নকে সমর্থন করে। ওয়ানডে ক্রিকেটে কোহলি ৩১৪ ম্যাচের ৩০২ ইনিংসে ৫৮.৫৯ গড়ে ১৪ হাজার ৯৪১ রান করেছেন। তার নামের পাশে রয়েছে ৫৪টি সেঞ্চুরি ও ৭৯টি হাফ-সেঞ্চুরি। এই পারফরম্যান্স তাকে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল রান সংগ্রাহক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিশেষ করে রান তাড়া করে ম্যাচ জেতানোর ক্ষেত্রে কোহলির রেকর্ড আরও বেশি নজরকাড়া। সফল রান চেজে ১১১ ম্যাচের ১০৫ ইনিংসে তার ব্যাটিং গড় ৮৯.০৭। এ সময়ে তিনি করেছেন ৬ হাজার ২৩৫ রান, সঙ্গে রয়েছে ২৪টি সেঞ্চুরি ও ২৯টি হাফ-সেঞ্চুরি।

চলতি বছরেও দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি। এখন পর্যন্ত ছয় ইনিংসে ৬৪.০০ গড়ে এবং ১০৬-এর বেশি স্ট্রাইক রেটে ৩৮৪ রান করেছেন তিনি। এ সময়ে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি করেছেন ভারতীয় এই তারকা।

ওয়ানডেতে কোহলিকে সেরা মানলেও টেস্ট ক্রিকেটে ম্যাক্সওয়েলের পছন্দ তার জাতীয় দলের সতীর্থ স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার হয়ে ১২৫ টেস্টের ২২৩ ইনিংসে ৫৬.০০ গড়ে ১০ হাজার ৯২০ রান করেছেন ৩৭ বছর বয়সী স্মিথ। দেশটির চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তার নামের পাশে রয়েছে ৩৭টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি। টেস্টে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৩৯ রানের।

২০১৭ সালে ভারতের মাটিতে স্মিথের দুর্দান্ত ব্যাটিংয়ের স্মৃতিও তুলে ধরেন ম্যাক্সওয়েল। সে সময় ভারত সফরে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অংশ ছিলেন তিনি।

ম্যাক্সওয়েল বলেন, ‘২০১৭ সালে ভারতের বিপক্ষে সিরিজে আমি টেস্ট দলের অংশ ছিলাম। সেখানে আট ইনিংসে তিনটি সেঞ্চুরিসহ ৪৯৯ রান করেছিলেন স্মিথ। তাকে দেখে মনে হচ্ছিল যেন অন্য কোনো গ্রহের ব্যাটার খেলছেন! সেই অবিশ্বাস্য ব্যাটিং সরাসরি ড্রেসিংরুম থেকে দেখার সুযোগ পাওয়ায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’

ম্যাক্সওয়েলের এই মূল্যায়নে সীমিত ওভারের ক্রিকেটে কোহলি এবং টেস্টে স্মিথের অসাধারণ আধিপত্যই উঠে এসেছে। দুই ফরম্যাটের দুই তারকাকেই নিজের দেখা সেরা ব্যাটার হিসেবে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।

দুই নেতাকে বহিষ্কার জামায়াতের, চাকসু নেতা বললেন—‘আমি তো জাম…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬