‘৪টি হাঁস, জিরাফের ৩টি ক্যাচ, এক সিংহ এবং ক্ষতবিক্ষত এক বাঘ’

২২ আগস্ট ২০২৬, ০৮:৫৯ AM
 অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ © সংগৃহীত

ডারউইন টেস্টে দাপট দেখিয়ে ইতিহাস গড়া বাংলাদেশ এবার ম্যাকাই টেস্টে যেন পুরোপুরি উল্টো চিত্রের মুখোমুখি। সাড়ে তিন দিনে শেষ হওয়া ডারউইন টেস্টে ৯ উইকেটের জয়ে যেখানে নাজমুল হোসেন শান্তর দল দাপট দেখিয়েছিল, কুইন্সল্যান্ডের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শুরু থেকেই সেখানে বিপর্যস্ত বাংলাদেশ। মাত্র ২১ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছে তারা। আর বাংলাদেশের এমন দুর্দশাকে কৌতুকের ভাষায় তুলে ধরেছেন অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকাররা।

ম্যাকাইয়ের মাঠে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় দেখে স্বাগতিক ধারাভাষ্যকারদের মনে হয়েছে, গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনা যেন একটি চিড়িয়াখানা। সেখানে আছে হাঁস, জিরাফ, সিংহ এমনকি ক্ষতবিক্ষত একটি বাঘও। এমন মজার বর্ণনার শুরুটা করেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ও ধারাভাষ্যের প্রাণচঞ্চল মুখ কেরি ও’কিফ।

ও’কিফ বলেন, ‘গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনা কি বিস্ময়কর। এটি অনেকটা চিড়িয়াখানার মতো, তাই না? এখানে চারটি হাঁস আছে, জিরাফরা তিনটি ক্যাচ নিয়েছে এবং স্কয়ার লেগে একটি সিংহ দেখা যাচ্ছে।’

ও’কিফের সেই রসিকতায় যোগ দেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মার্ক ওয়াহ। তিনি বলেন, ‘এবং এখানে বয়স্ক বাঘ রয়েছে, যারা ক্ষতবিক্ষত।’

বাংলাদেশের বিপর্যয়ের শুরু অবশ্য ম্যাচের প্রথম বল থেকেই। ওপেনার সাদমান ইসলামকে গালি অঞ্চলে ক্যামেরন গ্রিনের ক্যাচ বানিয়ে ফেরান মিচেল স্টার্ক। ফক্স ক্রিকেটের ধারাভাষ্যে থাকা আরেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট তখন বলেন, ‘এটি মিচেল স্টার্কের মানসম্পন্ন বোলিংয়ের চূড়ান্ত উদাহরণ!’

এরপর দ্রুতই আরও উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১০ রান পূর্ণ হওয়ার আগেই চতুর্থ উইকেট হারায় দলটি। বাংলাদেশের এমন অবস্থায় গিলক্রিস্ট বলেন, ‘অস্ট্রেলিয়ানদের পক্ষ থেকে এটি জোরালো বার্তা। তারা রীতিমতো দাপট দেখাচ্ছে।’

এরপর মাত্র ১২ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। আর পরের চার রানের মধ্যেই নিজের ফাইফার পূর্ণ করেন স্টার্ক। বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে সাদমান ইসলাম, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস—চারজনই আউট হন শূন্য রানে।

এই চারটি ডাককেই ‘চারটি হাঁস’ হিসেবে তুলে ধরেন ও’কিফ। অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ও ব্যু ওয়েবস্টার তিনটি ক্যাচ নিয়েছেন। প্রায় সাড়ে ছয় ফুট উচ্চতার এই দুই ক্রিকেটারকে জিরাফ হিসেবে উল্লেখ করার সুযোগও তাই পেয়েছেন অজি ধারাভাষ্যকাররা। আর ফিল্ডিংয়ে থাকা নাথান লায়নকে সিংহ হিসেবে দেখিয়েছেন তারা।

বাকি থাকল বাঘ। ডারউইন টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ যে আগ্রাসী বাঘের রূপ নিয়েছিল, ম্যাকাইয়ে এসে সেই বাঘকেই যেন খাঁচাবন্দী করে ফেলেছে অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ডের বাতাসের সুবিধা কাজে লাগিয়ে সুইং ও গতিময় বোলিংয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে নাস্তানাবুদ করেছেন মিচেল স্টার্করা।

তাই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক ওয়াহর ভাষায়, ডারউইনে দাপট দেখানো সেই বাঘই এবার ম্যাকাইয়ের ‘চিড়িয়াখানায়’ এসে হয়েছে ‘ক্ষতবিক্ষত’।

৬৪ রানে অলআউট বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, কমবে কবে—জানাল আবহাওয়া অধিদপ্…
  • ২২ আগস্ট ২০২৬
লজ্জার রেকর্ড এড়াল বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
যুব আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা, সিফাত বাহিনীর ১১ সদস্যকে…
  • ২২ আগস্ট ২০২৬
মধ্যরাতে খাট থেকে নামতেই সাপের ছোবল, স্বাস্থ্য কমপ্লেক্সে চ…
  • ২২ আগস্ট ২০২৬
মিরাজও আউট, লজ্জা এড়াতে পারবে তো বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬