স্টার্কের বোলিং তোপে ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ

২২ আগস্ট ২০২৬, ০৭:২৯ AM
অস্ট্রেলিয়া দল

অস্ট্রেলিয়া দল © সংগৃহীত

ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। বাঁহাতি পেসার মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২ রানেই ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। ফলে টেস্টের শুরুতেই অলআউট হওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।

টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে বেশি সময় নেননি স্টার্ক। ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের ক্যাচে পরিণত করেন তিনি। কোনো রান না করেই ফেরেন সাদমান। টেস্টে প্রথম বলেই উইকেট নেওয়ার ঘটনা স্টার্কের ক্যারিয়ারে এটি চতুর্থবার। আন্তর্জাতিক ক্রিকেটে এমন কীর্তির দিক থেকে এটি তার জন্য নতুন একটি রেকর্ড।

নিজের দ্বিতীয় ওভারে আরও ভয়ংকর হয়ে ওঠেন স্টার্ক। পরপর দুই বলে তানজিদ হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফেরান তিনি। দুজনই কোনো রান করতে পারেননি। শান্ত আউট হওয়ার পর হ্যাটট্রিকের সম্ভাবনাও তৈরি হয়। শান্তর বিদায়ের মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রথম চার ব্যাটারের তিনজন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।

অভিজ্ঞ মুশফিকুর রহিম হ্যাটট্রিক বল সামলে বিপর্যয় কিছুটা ঠেকানোর চেষ্টা করেন। তবে অন্য প্রান্তে বাংলাদেশের উইকেট পতন থামেনি।
নিজের তৃতীয় ওভারে মুমিনুল হককে গালিতে ক্যাচে পরিণত করেন স্টার্ক। মুমিনুল ফেরেন ৯ রান করে। এরপর লিটন দাসও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি।

প্রথম তিন ওভারেই বাংলাদেশের চারজন টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়ে দেন স্টার্ক। একাই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান এই অস্ট্রেলীয় পেসার। ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১২ রান। এমন ধ্বংসস্তূপে পরিণত হওয়া ব্যাটিং অর্ডার সামলে দলকে টেনে তোলার কঠিন দায়িত্ব এখন মুশফিকুর রহিমের কাঁধে।

ম্যাকাইয়ের এই টেস্টে দুই দলেই একটি করে পরিবর্তন এসেছে। চোট কাটিয়ে বাংলাদেশ একাদশে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। তার জায়গায় একাদশ থেকে বাদ পড়েছেন ইবাদত হোসেন। অস্ট্রেলিয়ার একাদশেও পরিবর্তন এসেছে। অফফর্মে থাকা ওপেনার জেক ওয়েদরল্ডের জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটার ম্যাট রেনশ।

তুরস্কের সঙ্গে ‘অপ্রয়োজনীয়’ উত্তেজনা বাড়ানোর ঝুঁকিতে নেত…
  • ২২ আগস্ট ২০২৬
দুঃস্বপ্নের প্রথম সেশন শেষ, লজ্জার রেকর্ডের শঙ্কা
  • ২২ আগস্ট ২০২৬
গেজেট প্রকাশে আল্টিমেটাম দিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে…
  • ২২ আগস্ট ২০২৬
কক্সবাজার থেকে ফেরার পথে ফের স্লিপার বাসে আগুন, প্রাণে বাঁচ…
  • ২২ আগস্ট ২০২৬
মাছ দেওয়ার প্রলোভনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক …
  • ২২ আগস্ট ২০২৬
স্টার্টআপ অর্থায়নে বিএসআইসির প্রথম এমডি ওয়াইজ রহিম
  • ২২ আগস্ট ২০২৬