প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন একাদশ

২১ আগস্ট ২০২৬, ০৩:৩৫ PM
 অস্ট্রেলিয়া টেস্ট দল

অস্ট্রেলিয়া টেস্ট দল © টিডিসি ফটো

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে বাদ পড়া জেক ওয়েদারাল্ডের জায়গায় দলে ফিরেছেন ম্যাট রেনশ। তবে চার পেসার নাকি তিন পেসার ও এক স্পিনার—এ নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তিন পেসার নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নামছে অস্ট্রেলিয়া।

ম্যাট রেনশর একাদশে ফেরাটা অনেকটা নিশ্চিতই ছিল। তবে অস্ট্রেলিয়া চার পেসার নাকি তিন পেসার ও এক স্পিনার নিয়ে খেলবে, সেটি নিয়ে ছিল আলোচনা। সংবাদ সম্মেলনে অধিনায়ক প্যাট কামিন্সও তখন দলের কম্বিনেশন নিশ্চিত করতে পারেননি। জানিয়েছিলেন, সিদ্ধান্ত নিতে আরও সময় প্রয়োজন।

তবে কামিন্সের সংবাদ সম্মেলনের পরই দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তাতে দেখা গেছে, প্রথম টেস্টের একাদশ থেকে পরিবর্তন মাত্র একটি।

প্রথম টেস্টের পর দল থেকে বাদ পড়া জেক ওয়েদারাল্ডের জায়গায় একাদশে ঢুকেছেন ম্যাট রেনশ। ২০২৩ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলবেন রেনশ। ভারতের বিপক্ষে সেই টেস্টে তিনি খেলেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। এবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ওপেনার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের জয়ের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মাত্র এক উইকেট নিতে পেরেছিলেন নাথান লায়ন। তাঁর জায়গায় দ্বিতীয় টেস্টে স্কট বোল্যান্ডকে খেলানোর সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল। তবে সর্বশেষ অ্যাশেজে ২০ উইকেট নেওয়া এই পেসারকে আবারও একাদশের বাইরে থাকতে হচ্ছে।

দারুণ ছন্দে থাকা বোল্যান্ডকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত যে অস্ট্রেলিয়ার জন্য সহজ ছিল না, সেটি বোঝা গেছে অধিনায়ক প্যাট কামিন্সের কথাতেও।

সংবাদ সম্মেলনে একাদশের কম্বিনেশন নিয়ে প্রশ্নের জবাবে কামিন্স বলেছিলেন, ‘আরও এক দিন সময় নিতে চাই। এরপর সিদ্ধান্ত নেব, চার পেসার খেলাব নাকি একজন স্পিনার। সিদ্ধান্তটা মূলত কন্ডিশনের ওপর নির্ভর করছে। যদি মনে হয়, প্রথম বা দ্বিতীয় ইনিংসে পেসারদের দিয়েই দ্রুত ১০ উইকেট নেওয়ার ভালো সুযোগ আছে এবং চতুর্থ ইনিংসে উইকেট খুব একটা ভাঙবে না, তাহলে সেটিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় বিষয়।’

কামিন্স আরও বলেন, ‘এর সঙ্গে স্কট বোল্যান্ডের মতো একজন দুর্দান্ত বোলারকে বেঞ্চে রাখার বিষয়টিও আছে। সে অসাধারণ মানের বোলার। আমার মনে হয়, এ কারণেই চার পেসার নিয়ে আলোচনা বারবার সামনে আসে।’

এদিকে একাদশে জায়গা ধরে রেখেছেন মারনাস লাবুশেনও। সর্বশেষ ২১ টেস্টে সেঞ্চুরি না করা এই ব্যাটসম্যান নিজের সেরাটার কাছাকাছি আছেন বলেই মনে করেন কামিন্স।

লাবুশেনকে নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘সে একসময় বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান ছিল। হাজার হাজার টেস্ট রান করেছে। তাই বড় রান করার সক্ষমতা তার আছে। গত কয়েক মাসের অনুশীলনে তাকে খুব ভালো ছন্দে দেখেছি। আমার মনে হয়েছে, অনেক দিন পর সে এতটা ভালো অবস্থায় আছে।’

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাই আগের ম্যাচের একাদশে মাত্র একটি পরিবর্তন নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ফিরলেও স্কট বোল্যান্ডকে বাইরে রেখেই তিন পেসার নিয়ে দল সাজিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

হত্যার পর ঢামেকে ফেলে যাওয়া লাশটি গৃহকর্মীর, স্বামী-শ্বশুরস…
  • ২১ আগস্ট ২০২৬
স্কুলের বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছা…
  • ২১ আগস্ট ২০২৬
তামিম-মুশফিকের চোট নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
  • ২১ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সক্ষমতা আছে, তবু কেন সংকট কাটছে না বাংলাদেশে?
  • ২১ আগস্ট ২০২৬
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
  • ২১ আগস্ট ২০২৬
প্রথম টেস্ট হারের পর দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া, দেখুন এক…
  • ২১ আগস্ট ২০২৬