পিএসএলে দল পেলেন প্রোটিয়া তারকা

২২ মার্চ ২০২৬, ১১:৩০ AM
রিজা হেনড্রিক্স

রিজা হেনড্রিক্স © সংগৃহীত

শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রিজা হেনড্রিক্স। ক্যারিবিয়ান ব্যাটসম্যান জনসন চার্লস সরে দাঁড়ানোয় তার বদলি হিসেবে করাচি কিংসে জায়গা পেয়েছেন এই প্রোটিয়া তারকা।

এর আগে গত ডিসেম্বরে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে আইপিএলের নিলামে নাম লিখিয়েও কোনো দল পাননি হেনড্রিক্স। পরে পিএসএল নিলামেও ৪ কোটি ২০ লাখ রুপি ভিত্তিমূল্যে তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে শেষ পর্যন্ত বিকল্প হিসেবে সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি।

ব্যক্তিগত কারণে পিএসএল থেকে সরে দাঁড়ান ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। তার পরিবর্তে হেনড্রিক্সকে দলে ভেড়ায় করাচি কিংস। দলটির বিদেশি খেলোয়াড়দের তালিকায় আগে থেকেই রয়েছেন ডেভিড ওয়ার্নার, মইন আলি, অ্যাডাম জ্যাম্পা ও সংযুক্ত আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম। সেই তালিকায় নতুন সংযোজন হেনড্রিক্স।

অভিজ্ঞ এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৯৬ ম্যাচে প্রায় সাড়ে ৮ হাজার রান করেছেন। তার ঝুলিতে রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৬৪টি ফিফটি। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার এর আগে একবার পিএসএলে খেলেছেন। ২০২৪ আসরে মুলতান সুলতানসের হয়ে ৮ ম্যাচে ৩০৪ রান করেছিলেন তিনি, যেখানে তার গড় ছিল ৪৩.৪২ এবং স্ট্রাইক রেট ১৩৪.৫১।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও দক্ষিণ আফ্রিকার হয়ে ৯০ ম্যাচ খেলেছেন হেনড্রিক্স। এক সেঞ্চুরি ও ১৮ ফিফটিতে আড়াই হাজারের বেশি রান করেছেন ১২৯.২০ স্ট্রাইক রেটে। তবে গত ডিসেম্বরের পর থেকে জাতীয় দলে জায়গা পাচ্ছেন না তিনি।

গত আসরে করাচি কিংস তৃতীয় স্থানে ছিল। আগামী বৃহস্পতিবার শুরু হতে যাওয়া পিএসএলের নতুন আসরে দলটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬