জনপ্রশাসন মন্ত্রণালয় © সংগৃহীত
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তালিকার প্রজ্ঞাপন জারি হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মতো ২০২৭ সালেও পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার মূল দিন সাধারণ ছুটি থাকবে। এর বাইরে ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। ফলে ঈদুল ফিতরে মোট ছুটি থাকবে পাঁচ দিন।
অন্যদিকে, ঈদুল আজহার আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ঈদুল আজহার দিন সাধারণ ছুটি মিলিয়ে এ উৎসবে মোট ছয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। এ ছাড়া শারদীয় দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।
সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৭ সালে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।
গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৬ সালের ছুটির তালিকা অনুমোদন দেয়া হয়। আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে ৪ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে ৩ দিন সাপ্তাহিক ছুটি থাকবে।