নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা এক হিন্দু নারীর লাশ উদ্ধার © টিডিসি ছবি
নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা আনুমানিক ৪৫ বছর বয়সী এক হিন্দু নারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
জানা যায়, উপজেলার প্রশাদপুর বাজারের উপজেলা মেডিকেল মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বসার স্থানে অজ্ঞাতনামা এক হিন্দু নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মুহূর্তের মধ্যে এ সংবাদ ছড়িয়ে আশপাশের লোকজন সেখানে ভিড় জমান। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ আবজাল হোসেন বলেন, নিহত ওই নারী এই এলাকার নয় এবং এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা মর্গে প্রেরণ করা হবে।