জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাবেন বিকাশ গ্রাহকরা

১৯ জুন ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১২:০৩ PM
বিকাশের লোগো

বিকাশের লোগো © ফাইল ছবি

বিকাশ অ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ডিজিটাল ঋণ নিতে পারবেন। দেশের বেসরকারি খাতের অন্যতম ব্যাংক দ্য সিটি ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের যৌথ উদ্যোগে এ ঋণসেবার সর্বোচ্চ সীমা সম্প্রসারণ করা হয়েছে।

বুধবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিকাশ। এতে বলা হয়, এখন থেকে যোগ্য গ্রাহকেরা যেকোনও সময় বিকাশ অ্যাপ থেকে সহজেই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। আগে এই ঋণের সর্বোচ্চ সীমা ছিল ৩০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রাহকের পূর্ববর্তী লেনদেন ইতিহাস ও ঋণমান বিশ্লেষণ করে সিটি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা হবে কে কত টাকার ঋণ পাবেন।

২০২১ সালে সিটি ব্যাংক ও বিকাশের যৌথ উদ্যোগে চালু হওয়া এ ডিজিটাল ন্যানো ঋণসেবা এখন পর্যন্ত ১০ লাখেরও বেশি গ্রাহকের কাছে পৌঁছেছে। এ পর্যন্ত প্রায় ৫৫ লাখ বার ডিজিটাল ঋণ বিতরণ করা হয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা।

ঋণ নেওয়ার প্রক্রিয়া অত্যন্ত সহজ ও কাগজপত্রবিহীন। গ্রাহকেরা বিকাশ অ্যাপে ‘লোন’ আইকনে ট্যাপ করে অনুমোদিত সীমার মধ্যে ঋণের পরিমাণ নির্বাচন করে পিন নম্বর দিয়ে কনফার্ম করলেই তাৎক্ষণিকভাবে টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ঋণ পরিশোধের জন্য রয়েছে সর্বোচ্চ ছয় মাস সময়। মাসিক কিস্তিতে এই টাকা ফেরত দিতে হবে এবং নির্ধারিত দিনে কিস্তির টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই আংশিক বা সম্পূর্ণ ঋণ পরিশোধ করাও যাবে—এক্ষেত্রে কেবল ব্যবহৃত সময়ের জন্য সুদ পরিশোধ করতে হবে। অগ্রিম পরিশোধের জন্য কোনও অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।

বিকাশ জানিয়েছে, গ্রাহকের চাহিদা ও আর্থিক অন্তর্ভুক্তির প্রসার ঘটাতেই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে ঋণের সীমা বাড়ানো হয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, সহজলভ্য এই ঋণসেবা আর্থিক খাতে একটি কার্যকর ও উদ্ভাবনী উদাহরণ হয়ে উঠবে।

 

 

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬