ক্যাডেট কলেজের লোগো © টিডিসি সম্পাদিত
দেশের ১২টি ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু হয়েছে আজ রবিবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। এবার ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় লিখিত অংশের নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে।
ভর্তিতে আগ্রহী শিক্ষার্থীদের ক্যাডেট কলেজের ওয়েবসাইট অথবা ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
ভর্তির যোগ্যতা অনুযায়ী, আবেদনকারীকে ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষার্থী এবং তার মা-বাবা উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে পারবে। এ ছাড়া শিক্ষার্থীর উচ্চতা কমপক্ষে ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে এবং তাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।
ক্যাডেট কলেজে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা এই তিন ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তী সময়ে ওয়েবসাইটে জানানো হবে। সব ধাপে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধাতালিকার ভিত্তিতে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
এবারের ভর্তি পরীক্ষায় নতুন সিলেবাস অনুযায়ী মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ইংরেজিতে ৬৫, গণিতে ৭০ এবং বাংলায় ৪৫ নম্বর বরাদ্দ রয়েছে। বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তা বিষয়ে থাকবে ২০ নম্বর। পরীক্ষার্থীরা বাংলা অথবা ইংরেজি যেকোনো একটি মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে পারবে।
আবেদন করতে ভর্তি ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ অপশনে ক্লিক করতে হবে। প্রথমে নিবন্ধন করে ব্যবহারকারীর পরিচিতি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পরে লগইন করে আবেদন ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি আপলোড করতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। বিকাশ, ট্রাস্ট ব্যাংকের ট্যাপ, এসএসএল কমার্জ, নগদ ও রকেটের মাধ্যমে এ ফি জমা দেওয়া যাবে। আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তির নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার তত্ত্বাবধানে দেশের ক্যাডেট কলেজগুলো পরিচালিত হয়। এগুলো আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। সাধারণ শিক্ষার পাশাপাশি এসব প্রতিষ্ঠানে সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্বের প্রশিক্ষণ ও প্রাথমিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। দেশে ছেলেদের জন্য ৯টি এবং মেয়েদের জন্য ৩টিসহ মোট ১২টি ক্যাডেট কলেজ রয়েছে।
পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে