চিরকুটে শিক্ষককে দায় দিয়ে না ফেরার দেশে এইচএসসি অকৃতকার্য শিক্ষার্থী

৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০২ PM
শিক্ষার্থীর চিরকুট

শিক্ষার্থীর চিরকুট © টিডিসি সম্পাদিত

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় সরদার (১৯) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যাশিত ফল না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হৃদয়। পরিবারের সদস্যদের অজান্তে আজ দুপুরের দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে নিজের পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা ও শিক্ষককে দায় এবং মা-বাবার প্রতি অনুশোচনার কথা লিখেছে হৃদয়।

চিরকুটে তিনি উল্লেখ করেছেন, পরীক্ষার ফলাফলের জন্য নিজেকে ক্ষমা করতে পারছে না। মা-বাবা তার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং তিনিও ভালো ফলাফলের জন্য চেষ্টা করেছে। তবে ফলাফলের পেছনে পরীক্ষার হলের দায়িত্বরত শিক্ষকের ভুলের বিষয়টিও চিরকুটে উল্লেখ করেছেন এই শিক্ষার্থী। চিরকুটের শেষে মা-বাবার কাছে ক্ষমাও চেয়েছেন।

স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন বলেন, খবরটি ছড়িয়ে পড়ার পর পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে। হৃদয় ভালো ছেলে ছিল। তার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। মরদেহের পাশ থেকে একটি চিরকুটও পাওয়া গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। থানায় অপমৃত্যুর মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে।

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬