কলেজ শিক্ষার্থী © সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ রবিবার (২০ সেপ্টেম্বর)। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের নির্ধারিত কলেজে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। এ কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পর্যন্ত।
ভর্তি নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড অনুমোদিত ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। একই সঙ্গে অনুমোদিত সব ফি যথাযথ রশিদের মাধ্যমে গ্রহণ করতে হবে।
নীতিমালায় বলা হয়েছে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এ নির্দেশনার কোনো ধরনের ব্যত্যয় ঘটানো হলে বেসরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিল করা হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিওভুক্তিও বাতিল করা হবে। সরকারি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে সর্বোচ্চ ৫ হাজার টাকা, মেট্রোপলিটন এলাকায় (ঢাকা ছাড়া) ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে ১ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে।
নন-এমপিওভুক্ত কলেজে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নেওয়া যাবে। মেট্রোপলিটন এলাকায় (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার এবং ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া জেলা পর্যায়ে নন-এমপিও কলেজে বাংলা ভার্সনে ৩ হাজার ও ইংরেজি ভার্সনে ২ হাজার ৫০০ টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা ভর্তি ফি নেওয়া যাবে।
শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময় শিক্ষা বোর্ড রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা এবং শিক্ষক কল্যাণ ফি ও অবসর সুবিধা ভাতা ফি ১০০ টাকা নেবে। সব মিলিয়ে বোর্ড নির্ধারিত ফি ৩৩৫ টাকা।