ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকদের বিক্ষোভ © সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।
শ্রমিকদের অবস্থানের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। তবে শ্রমিকেরা অবস্থান অব্যাহত রাখলে সকাল সোয়া ৯টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে শ্রমিকেরা হারিকেন এলাকায় অবস্থান নেন।
এদিকে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন। মঙ্গলবারও কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুরের কয়েকটি এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করেন।
বুধবার সকালে ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভে যোগ দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরা পৃথকভাবে বিক্ষোভ করলেও তাঁরা মহাসড়কে অবস্থান নেননি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।