সমুদ্রসৈকতে মাছ ধরার ট্রলার © সংগৃহীত
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মো. হোসেন (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচ জেলে আহত হয়। সোমবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেলে মো. হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর উত্তর লম্বরী এলাকায় বসবাস করে আসছিলেন।
আহতরা হলেন আবুল কালাম (৩০) আবুল কাসিম (২৪) ওসমান (২৫) শফি আলম ও হামিদুল হক। তারা সবাই একই এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার দুপুরে তারা ৬ জন উত্তর লম্বরী নৌকা ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা হন। পরে মঙ্গলবার রাত ১টার দিকে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তাঁদের নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।
নৌকার মালিক আবদুল আমিন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়। নিহতের বাঁ হাতে বজ্রপাতের আঘাত লাগে। তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি বলে তিনি জানান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ চিকিৎসক নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। ৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যায়।
সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকার একজন জেলে সাগরে বজ্রপাতে নিহত হয়েছে শুনেছি, নিহত ব্যক্তির আত্মীয়স্বজন টেকনাফ আসছেন।’