চট্টগ্রামের সীতাকুণ্ড
বাসচাপায় আইআইইউসির শিক্ষার্থী নিহতের ঘটনায় ৫ দফা দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা © টিডিসি
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ৫ দফা দাবিতে মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষার্থীদের ৫ দফা দাবি হলো ২৪ ঘণ্টার মধ্যে অ্যারেস্ট করে চালক ও মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে; যে কেডিএস ডিপোর লরির কারণে শিক্ষার্থী মারা গেছেন, সেই ডিপোর অবৈধ পার্কিং বন্ধ করতে হবে; ক্যাম্পাস গেটে উভয় রাস্তায় ফুট ওভারব্রিজ স্থাপন করতে হবে; ক্ষতিগ্রস্ত পরিবারকে লরির মালিক কর্তৃপক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং রাস্তা পারাপারের সুবিধার্থে ক্যাম্পাসের সিকিউরিটি বাড়াতে হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা মুশফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুটি লরি সামনাসামনি যাওয়ার পর ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৮ নম্বরের একটি লোকাল বাসকে ধাক্কা বাস উল্টে সড়কে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন। পথে লোকাল বাসের ধাক্কায় তারা দুর্ঘটনার শিকার হন।
বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। এ ঘটনায় জড়িত লরি দটি এবং বাসটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকেরা ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।