শাহজালালের মাজারের দানবাক্স
বিএনপি করতে হলে জিপিএ ৩.৫০ করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি © সংগৃহীত
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। এতে বিএনপির সদস্য হতে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ এবং কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন চিঠির লেখক। পাশাপাশি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ না দেওয়া এবং দলীয় রাজনীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেগে জমা হওয়া টাকা পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনার সময় চিঠিটি পাওয়া যায়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা কার্যক্রম শুরু হলে সেখানে চিঠিটি পাওয়া যায়।
পরে চিঠিটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে চিঠিতে লেখকের নাম-পরিচয় উল্লেখ নেই। চিঠিতে লেখা হয়েছে, ‘বিএনপির সদস্য হতে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ এবং কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে।’ এ ছাড়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ না দেওয়ার প্রস্তাবও দিয়েছেন লেখক।
চিঠিতে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে লেখক জানান, ২০১১ সালে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। একই বছর রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন তিনি। শিক্ষাগত যোগ্যতার ঘাটতি থাকা ব্যক্তিদের কারণে রাজনীতিতে হতাশ হওয়ার ইঙ্গিত দিয়ে দলীয় রাজনীতিতে পরিবর্তন আনার আহ্বান জানান তিনি।
চিঠির শেষ অংশে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you.....’। এর অর্থ, ‘আমি চাই পরিবর্তনটা আপনার মাধ্যমেই আসুক।’
এদিকে মাজারের দানবাক্সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করেও একটি চিঠি পাওয়া গেছে। ওই চিঠিতে তার জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।