বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত
ব্রহ্মপুত্র নদে ফুফুর সঙ্গে কাপড় ধুতে গিয়ে জামালপুরের বকশীগঞ্জে সাথী আক্তার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাথী ওই এলাকার জাকিরুল ইসলাম ও জুলেখা বেগম দম্পতির মেয়ে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাথী তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে কাপড় পরিষ্কার করতে যায়। সেখানে পানিতে নামার পর একপর্যায়ে সে ডুবে যায়। অনেকক্ষণ ধরে ভাতিজিকে ভেসে উঠতে না দেখে ফুফু চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত নদের পাড়ে ছুটে আসেন এবং খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে দুপুর ১২টার দিকে নদী থেকে সাথীর মৃতদেহ উদ্ধার করা হয়।
সাথীর ফুফু জুমুরী বেগম বলেন, সকালে আমি বাড়ির কাপড় ধুতে নদীতে আসি, আমার সঙ্গে আমার ভাতিজিও আসে। আমি কাপড় কাচায় ব্যস্ত ছিলাম আর সাথী নদীতে গোসল করছিল। কিছুক্ষণ পর আর তাকে দেখতে পাইনি। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করি। ফুলের মতো আমার এই ভাতিজি চোখের সামনে এভাবে চলে গেল, আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না।