শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ

 টুপটুপ রেস্তোরাঁ  ও রিসোর্ট

টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্ট © সংগৃহীত

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্টে অগ্নিকাণ্ডে সর্বশেষ দশজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৬ জন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকত এলাকার অনুমোদনহীন টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনীম জাহান জানান, ইনানী পাটোয়ারটেকের টুপ টুপ রেস্টুরেন্টে এন্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় দশটি মরদেহ উদ্ধার হয়েছে। তবে এখানে কোনটি কার তা শনাক্তকরণ এখনো সম্ভব হয়নি।

এডিএম জানান, আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা ৭ জনের নাম ও পরিচয় মিলেছে। তারা হলেন, ঢাকা মহানগরীর পশ্চিম রামপুরার শিহাব সাদি (৩১), তার স্ত্রী নাফিজা (২৯), মিরপুর ১নং রোডের শিয়ালপাড়ার আবদুল মান্নান (৩৫), তার স্ত্রী ফাহমিদা (৩২), ঢাকার উত্তরার মুহাম্মদ মাসুদ (৩৩), তার স্ত্রী মেহেরুন্নেসা রোমি (৩০) ও ঢাকার আশিক (২৮)।

এডিএম আরও জানান, নিখোঁজ থাকা ৬ জন হলেন- ফারিয়া কবির (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), ফাইজান (৫), মিথিলা মেহজাবিন (২৩), লাইলা জাহান নাবিলা (২৪) ও মালিহা (২৮)। নিখোঁজদের সন্ধানে কার্যক্রম চলমান রয়েছে।

দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার স্টেশন ইনচার্জ দোলন আচার্য্য বলেন, ঘটনাস্থলে থেকে এখন পর্যন্ত দশজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চলমান। তবে আগুনের সূত্রপাত, নিহতদের পরিচয় কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়।
তিনি বলেন, নিহতরা সবাই পর্যটক তা বলা যাচ্ছে না। রেস্তোরাঁ স্টাফও এখানে ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ওই রিসোর্টে ১৭-১৮ জন পর্যটক ছিলেন। রেস্তোরাঁ ও রিসোর্ট মিলে ১২-১৪ জন কর্মচারী কাজ করতেন। তারা সেখানেই অবস্থান করতেন। মৃতের মাঝে হোটেল কর্মচারীও থাকতে পারেন।

জালিয়াপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য (মেম্বার) শাহাব উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টুপটুপ রেস্তোরাঁটি আমার ওয়ার্ডের পাটোয়ারটেক এলাকায়। চট্টগ্রামের আমিরাবাদে নিয়াজ মোহাম্মদ ও বোয়ালখালীর তানভীর আহমেদ যৌথভাবে ২০ শতক জমি কিনে রেস্তোরাঁটি গড়েছিলেন। এর অনুকূলে পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নেওয়া হলেও আবাসন হিসেবে ব্যবসা পরিচালনার কোনো অনুমতি বা আলাদা ট্রেড লাইসেন্স নেওয়া হয়নি। রেস্তোরাঁ লাগোয়া চারটি কক্ষ করে পর্যটকদের আবাসিক সুবিধা দিয়ে আসছিল। পরিবার নিয়ে থাকতে গেলে চার রুমে ১২-১৬ জন পর্যটক অবস্থান করতে পারেন। 

গতকালও এমন সংখ্যক পর্যটক অবস্থানের ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডস্থল থেকে ৬টি মরদেহ উদ্ধার ও ৭ জন আহত এবং দুজনকে অক্ষত পাওয়া গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে একাধিক ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু হয়। অগ্নিকাণ্ডে রেস্তোরাঁ ও রিসোর্টটির ব্যাপক ক্ষতি হয়েছে।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, মরদেহ পাওয়া ছয়জনের মধ্যে ঠিক কতজন পর্যটক, তা জানতে একটু সময় লাগবে। অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষকে পাওয়া যাচ্ছে না। তাদের সঙ্গে কথা বলা গেলে আগুনের সূত্রপাত, ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অনুমোদন বা অগ্নিনিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

কক্সবাজার জেলা প্রশাসনের নেজারত শাখা সূত্র জানায়, পাটুয়ারটেকে অগ্নিকাণ্ডের শিকার টুপটুপ রেস্তোরাঁ এন্ড রিসোর্টের অনুমোদন নেওয়া ছিল না। তারা ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিল।

কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) এম এ মান্নানও স্বীকার করেছেন অগ্নিকাণ্ডের শিকার রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টটি প্রশাসনের অনুমতিহীন চলছিল। সরকারি জমিতে স্থাপনা করে অবৈধভাবে বাণিজ্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ব্যক্তিমালিকানধীন জমিতে করা প্রতিষ্ঠান বিধায়, প্রশাসন আগবাড়িয়ে খোঁজ নেয়নি। এ প্রতিষ্ঠানের মালিকদের বিষয়ে খোঁজ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘আমার সাইফকে আইন্না দাও’

অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারীকে আহাজারি করে বলতে শোনা যায় ‘আমার সাইফকে আইন্না দাও।’

ধারণা করা হচ্ছে, ওই নারী তার পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছিলেন।

ভিডিওতে দেখা যায়, তিনি সাইফকে বারবার করে ডাকছেন এবং বলছেন আমার সাইফকে আইন্না দাও। তবে সাইফ তার সম্পর্কে কী, বেঁচে আছেন কি না তা জানা যায়নি।

অগ্নিদগ্ধ রোগীদের শেষ ভরসা চট্টগ্রাম-ঢাকা, কক্সবাজারে নেই প…
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনা জেলা তাঁতীদলের সম্মেলন অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রীর দুই আবেদন
  • ১৭ অক্টোবর ২০২৬
এভেরোজ উত্তরার স্টেম ফেস্ট সম্পন্ন: ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভ…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন
  • ১৭ অক্টোবর ২০২৬
ইনানীর রিসোর্টে আগুন: শোকের ছায়া তিন বিশ্ববিদ্যালয়ে
  • ১৭ অক্টোবর ২০২৬