কক্সবাজার
কক্সবাজার সমুদ্র সৈকত © টিডিসি ছবি
কক্সবাজার সমুদ্রসৈকতে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কার্নিভালের নির্ধারিত এলাকার বালিয়াড়ি দিয়ে চলাচল করতে গিয়ে টিকিট দেখানোর দাবি এবং টিকিট না থাকায় বাধার মুখে পড়ার অভিযোগ তুলেছেন স্থানীয় পর্যটক ও স্থানীয়রা। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, পর্যটন আয়োজনের নামে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সৈকতে চলাচলের অধিকার কতটুকু সীমিত করা যায়।
ছুটির দিনে সন্তানকে নিয়ে সমুদ্রসৈকতে হাঁটতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন স্থানীয় সাইফুল ইসলাম। তার অভিযোগ, কার্নিভালের নিচের বালিয়াড়ি দিয়ে হাঁটার সময় একজন নিরাপত্তাকর্মী তার কাছে টিকিট দেখতে চান। টিকিট না থাকায় ওই পথ দিয়ে হাঁটতে নিষেধ করা হয়।
সাইফুল ইসলাম প্রশ্ন তোলেন, সমুদ্রসৈকতের বালিয়াড়ি দিয়ে হাঁটতেও কি এখন টিকিট প্রয়োজন? কার্নিভাল আয়োজনের বিরোধিতা না করলেও এর কারণে সাধারণ মানুষের অবাধ চলাচল বাধাগ্রস্ত হওয়া উচিত নয় বলে মনে করেন তিনি।
তার মতে, সৈকত কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত সম্পত্তি নয়। নিম্ন আয়ের মানুষ, সাধারণ পরিবার কিংবা সন্তানকে নিয়ে ঘুরতে আসা পর্যটকদেরও সৈকত উপভোগের অধিকার রয়েছে। আয়োজনের নামে সাধারণ মানুষের সেই অধিকার সংকুচিত করা হলে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তবে এ বিষয়ে ভিন্নমতও প্রকাশ করছেন অনেকে। তাসনিম নামে আরেক স্থানীয় বলেন, কার্নিভালের জন্য কত একর জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে, তার বাইরে সৈকতে আর কোনো বালিয়াড়ি নেই কিনা, সেটিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তাসনিমের মতে, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের আয়োজন পর্যটন খাতকে চাঙা করতে ভূমিকা রাখে। কক্সবাজারে বারবার আসা পর্যটকদের জন্য নতুন বিনোদন ও আকর্ষণ তৈরি করা জরুরি। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতেও বৈচিত্র্যময় আয়োজন প্রয়োজন।
তিনি আরও বলেন, বিদেশি শিল্পীদের এনে স্যান্ড স্কাল্পচার তৈরি এবং নতুন বিনোদনমূলক আয়োজনের মাধ্যমে ভিন্ন কিছু করার চেষ্টা চলছে। এসব উদ্যোগকে নিরুৎসাহিত না করে ইতিবাচকভাবে দেখা উচিত। মাত্র তিন মাসের আয়োজনের জন্য নির্দিষ্ট একটি এলাকায় সাময়িকভাবে চলাচলে সীমাবদ্ধতা থাকলে তা মেনে নেওয়ার মানসিকতাও থাকা প্রয়োজন।
তাসনিমের দাবি, পর্যটন খাতে নতুন উদ্যোগ না থাকলে যেমন সমালোচনা হয়, তেমনি নতুন আয়োজন হলেও আপত্তি তোলা হচ্ছে। এতে পর্যটন বিকাশের উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, কার্নিভালের পুরো এলাকা তিনি সরেজমিনে পরিদর্শন করেননি। ফলে কতটুকু জায়গা কার্নিভালের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে কিংবা এর সীমানা কতটুকু, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
তিনি আরও বলেন, এ ধরনের অভিযোগ তিনি পেয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট অতিরিক্ত পরিচালক অবগত থাকবেন বলে জানান তিনি।
সব মিলিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতের পর্যটন কার্নিভাল ঘিরে দুটি ভিন্ন অবস্থান সামনে এসেছে। এক পক্ষের দাবি, পর্যটন বিকাশে নতুন আয়োজন প্রয়োজন; অন্য পক্ষের বক্তব্য, বাণিজ্যিক আয়োজনের কারণে সাধারণ মানুষের সৈকতে অবাধ চলাচলের অধিকার ক্ষুণ্ন করা যাবে না।
পর্যটন বিকাশের উদ্যোগ যেমন প্রয়োজন, তেমনি সৈকতের মতো জনসাধারণের উন্মুক্ত স্থানে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করাও জরুরি। কার্নিভালের জন্য নির্ধারিত এলাকার সীমানা, বরাদ্দের পরিমাণ, টিকিটের আওতা এবং সাধারণ মানুষের চলাচলের সুযোগ সম্পর্কে আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন সচেতন মহল।
‘আমরা কক্সবাজারবাসী’ নামে একটি সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন বলেন, কার্নিভালের নামে ঝাউবন ধ্বংস করে এবার বীচ দখল করে ব্যবসা করা হচ্ছে। বীচ কারো পৈত্রিক সম্পত্তি নয়। এটি উন্মুক্ত রাখতে হবে।