স্থানীয় সংসদ সদস্য ও তার অনুসারীদের ভীড়ে নিজ বিদ্যালয়ের মঞ্চে জায়গা হয়নি প্রধান শিক্ষকের © সংগৃহীত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে বসার জায়গা পাননি প্রধান শিক্ষক স্বপন কুমার দে। অতিথি ও রাজনীতিকদের ভিড়ে তাকে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ের অনুষ্ঠান ব্যবস্থাপনা ও প্রধান শিক্ষকের মূল্যায়ন নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হাসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাশ পুরকায়স্থ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে, পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. নাসির উদ্দিন ও শিক্ষক প্রতিনিধি অপু কুমার বড়ুয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মঞ্চের মাঝখানে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ, অন্য পাশে ইউএনও রাজীব দাশ পুরকায়স্থ, অপর পাশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও ওসি মোহাম্মদ আবদুল আলীম বসে আছেন। তাঁদের সঙ্গে সাতকানিয়া ও চন্দনাইশ উপজেলার বিএনপি কয়েকজন নেতা ও সাবেক জনপ্রতিনিধিকে মঞ্চে দেখা যায়।
অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে'কে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের পেছনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হয়েও মঞ্চে বসার জায়গা না পাওয়ার এ দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণীর মতো অনুষ্ঠানে প্রধান শিক্ষকের অবস্থান এবং অতিথি ব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলছেন অনেকে।
মোহাম্মদ সায়েম নামে এক যুবক লিখেছেন, একজন প্রধান শিক্ষক শুধু একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি নন, তিনি একটি জাতির ভবিষ্যৎ নির্মাতা। অথচ একই মঞ্চে মহান নেতাদের জন্য বসার আসন থাকলেও আমার শিক্ষকের জন্য সম্মানজনক আসনটুকুও নেই। এ কেমন নেতৃত্ব, এ কেমন সম্মানবোধ? যে মানুষটি আমাদের মানুষ গড়ার কারিগর, আজ সে মানুষটিরই বসার জায়গা নেই। মানুষের প্রকৃত বড়ত্ব প্রকাশ পায় অন্যকে কতটুকু সম্মান দিতে জানে তার মধ্যে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।