নারী কর্মীদের কর্মপরিবেশ আরও নারীবান্ধব করতে জেলা প্রশাসকের উদ্যোগ

২৩ নভেম্বর ২০২৬, ০১:২৯ PM
জেলা প্রশাসকের কার্যালয়ে ফিতা কেটে মাতৃদুগ্ধ কর্নার, ডে-কেয়ার সেন্টার ও নামাজঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

জেলা প্রশাসকের কার্যালয়ে ফিতা কেটে মাতৃদুগ্ধ কর্নার, ডে-কেয়ার সেন্টার ও নামাজঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার © সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে নারী কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে মাতৃদুগ্ধ কর্নার, ডে-কেয়ার সেন্টার ও নামাজঘরের উদ্বোধন করা হয়েছে। কর্মজীবী মায়েদের সন্তানকে নিরাপদে রেখে কর্মস্থলে দায়িত্ব পালন এবং নারী সহকর্মীদের নির্বিঘ্নে নামাজ আদায়ের সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের একটি কক্ষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এসব সুবিধার উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। উদ্বোধনের পর তিনি পুরো কক্ষটি ঘুরে দেখেন।

নতুন এ কর্নারে নারী কর্মকর্তা-কর্মচারীদের নামাজ আদায়ের জন্য সুসজ্জিত পৃথক স্থান, শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য নির্ধারিত কক্ষ এবং শিশুদের দেখাশোনা ও বিশ্রামের জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে। এর ফলে ছোট সন্তান নিয়ে কর্মস্থলে আসা নারী সহকর্মীরা সন্তানকে নিরাপদে রেখে দাপ্তরিক কাজে মনোনিবেশ করার সুযোগ পাবেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘আমাদের এই কার্যালয়ে পুরুষ সহকর্মীদের নামাজ আদায়ের জায়গা থাকলেও নারী সহকর্মীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা ছিল না। এ ছাড়া কার্যালয়ে অনেক নারী সহকর্মী রয়েছেন, যাঁদের ছোট ছোট সন্তান আছে। বিশেষ করে যেসব শিশু এখনো মায়ের বুকের দুধ পান করে, তাদের নিরাপদে মাতৃদুগ্ধ পান করানোর জন্য নির্ধারিত কোনো জায়গা ছিল না। আবার অনেক নারী সহকর্মী ছোট সন্তান নিয়ে অফিসে আসেন। তাঁদের সন্তানকে নিরাপদে রাখার মতো জায়গাও ছিল না। ফলে সন্তানকে নিরাপদে রেখে নিশ্চিন্তে দাপ্তরিক কাজে মনোনিবেশ করার সুযোগের অভাব ছিল।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সেই বিষয়টি বিবেচনায় রেখে আমাদের কার্যালয়ে নারী সহকর্মীদের জন্য মাতৃদুগ্ধ কর্নার, ডে-কেয়ার সেন্টার ও নামাজঘরের ব্যবস্থা করা হয়েছে। একই কক্ষের মধ্যে সুন্দরভাবে এসব সুবিধা সাজানো হয়েছে, যাতে নারী সহকর্মীরা নামাজের সময় নামাজ আদায় করতে পারেন, ছোট সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে পারেন এবং সন্তানকে নিরাপদে রেখে নিশ্চিন্তে তাঁদের দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারেন। মূলত তাঁদের কর্মপরিবেশ আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের নারী কর্মকর্তা-কর্মচারীরা নতুন এ সুবিধা ঘুরে দেখেন। তাঁরা এ উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁদের মতে, কর্মজীবী মায়েদের পাশাপাশি নারী সহকর্মীদের দৈনন্দিন কর্মপরিবেশে এ ব্যবস্থা ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা এ উদ্যোগ আজীবন মনে রাখবেন বলেও জানান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ. বি. এম. খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হুমায়ুন কবীর, রেভিনিউ ডেপুটি কালেক্টর এস. এম. আশিস মোমতাজ, নেজারত ডেপুটি কালেক্টর ফাহাদ চৌধুরী, সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন ও জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবরসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকেরা।

স্নাতকোত্তর ও পিএইচডি সুযোগ দিচ্ছে ইতালি, মিলবে বৃত্তি সহ ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে জরুরি বৈঠকে বসছে বোর্ড
  • ২৩ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে-ইটভাটায়-পরিবেশ-অধিদপ্তরের-অভিযান
  • ২৩ নভেম্বর ২০২৬
ভর্তি আবেদনের সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করল ঢাকা বিশ্ববিদ্…
  • ২৩ নভেম্বর ২০২৬
জাবিতে জুনিয়র-সিনিয়র সংঘর্ষ, তদন্তে ৪ সদস্যের কমিটি
  • ২৩ নভেম্বর ২০২৬
‘ধুরন্ধর ২’, ‘পুষ্পা ২’কে পেছনে ফেলে ১৪ দিনেই ১,৫০০ কোটির ক…
  • ২৩ নভেম্বর ২০২৬