বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন © টিডিসি ফটো
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক জসিম উদ্দিন প্রকাশ ওরফে মিষ্টি জসিমের বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পুরানগড় ইউনিয়নের বাজালিয়া-শীলঘাটা সড়কের নতুন হাটে আয়োজিত এ মানববন্ধনে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা-কর্মীসহ ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন— পুরানগড় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান রিয়াদ, সাবেক সিনিয়র সহ সভাপতি মঈনুল ইসলাম, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সংগঠক মো. ইদ্রিছ আযাদ, পুরানগড় ইউনিয়ন বিএনপি নেত্রী বেবি আক্তার ও বিএনপি নেতা জসিম উদ্দিনের স্ত্রী রহিমা আক্তার।
বক্তব্যে বিএনপি নেতা জসিম উদ্দিনের স্ত্রী রহিমা আক্তার বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি আওয়ামী সরকারের রোষানলে পড়ে বারবার নির্যাতিত হয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলায় আসামি করা হলে তা বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। তাই অবিলম্বে দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
পুরানগড় ইউনিয়নে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান রিয়াদ বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাটি আমরা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করি। মূলত রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে তাকে মামলায় জড়ানো হয়েছে। তাকে মামলায় জড়ানোর বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানাচ্ছি।
উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সংগঠক মো. ইদ্রিছ আযাদ বলেন, আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আমাদের দাবি জানাচ্ছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা আশা করি, তারা কোনো পক্ষের প্রভাব ছাড়াই মামলাটি তদন্ত করবে এবং প্রকৃত সত্য সামনে নিয়ে আসবে। এ ছাড়াও ত্যাগী রাজনীতিবিদ জসিম উদ্দিনকে মামলা থেকে অব্যাহতি দিবে।
এর আগে গত ৩০ আগস্ট রাতে পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুরানগড়ের ভাঙারগোড়া এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে জাহেদুল ইসলাম (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার সঙ্গে থাকা মোহাম্মদ ওয়াহিদও আহত হন। পরে নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ৩ সেপ্টেম্বর রাতে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক জসিম উদ্দিন প্রকাশ মিষ্টি জসিমকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখপূর্বক ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা বিবাদী করা হয়েছে।