পানির চাপে ভেঙে গেছে সড়ক, দুর্ভোগে দুই উপজেলার মানুষ

০৮ আগস্ট ২০২৬, ০২:১২ PM
হালুয়াঘাটে ধারা-নালিতাবাড়ী সড়কের একটি অংশে এভাবেই ভেঙে গেছে

হালুয়াঘাটে ধারা-নালিতাবাড়ী সড়কের একটি অংশে এভাবেই ভেঙে গেছে © টিডিসি

ময়মনসিংহের হালুয়াঘাটে ধারা-নালিতাবাড়ী সড়কের একটি অংশ টানা বৃষ্টি ও জলাবদ্ধতার পানির চাপে ভেঙে গেছে। সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে দুই উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষের যোগাযোগে ভোগান্তি দেখা দিয়েছে। দু-তিন কিলোমিটার ঘুরে বিকল্প কাঁচা সড়ক দিয়ে যাতায়াত করছেন স্থানীয় লোকজন। ভেঙে যাওয়া অংশে স্থানীয় ব্যক্তিরা বাঁশের সাঁকো তৈরি করে কোনো রকমে পারাপার হচ্ছেন।

শুক্রবার মধ্যরাতে উপজেলার ধুরাইল বাজার এলাকায় পানির চাপে সড়কটির একটি অংশ ভেঙে যায়। সকালে গর্তের আকার বড় হয়ে গেলে ওই সড়ক দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, ধারা থেকে নালিতাবাড়ী পৌর শহর পর্যন্ত সড়কটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। হালুয়াঘাট উপজেলার ধারা, ধুরাইল, কৈচাপুর ও আমতৈল ইউনিয়নের মানুষের নালিতাবাড়ীর সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম এটি। পাশাপাশি নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান, নালিতাবাড়ী ও রূপনারায়ণকুড়া ইউনিয়নের মানুষও হালুয়াঘাটে যাতায়াতে সড়কটি ব্যবহার করেন।

স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, সড়কের পাশে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থাকে। দীর্ঘ সময় পানি জমে থাকার পর পানির প্রবল চাপে সড়কের নিচের মাটি সরে গিয়ে একটি অংশ ধসে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

মাহমুদুল হাসান ইতু বলেন, শুক্রবার রাতে পানির চাপে সড়কটি ভেঙে গেছে। এখানে পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

ফারুক ফকির বলেন, ‘হালুয়াঘাট যাওয়ার পথে সড়ক ভেঙে যাওয়ায় গাড়ি আর যেতে পারছে না। এখন বিকল্প পথে ঘুরে যেতে হচ্ছে। এটি ব্যস্ততম একটি সড়ক। তাই দ্রুত সংস্কার করা জরুরি।’

অটোরিকশাচালক শাকুয়াত হোসেন বলেন, ‘আমরা নালিতাবাড়ী থেকে ধুরাইল বাজার পর্যন্ত আসছি। এরপর ভাঙা অংশের পাশে যাত্রীরা হেঁটে পার হয়ে আবার অন্য অটোরিকশায় উঠছেন। এতে সময় ও ভাড়া দুটোই বাড়ছে।’

হালুয়াঘাট উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রউফ বলেন, ‘সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি আমরা অবগত রয়েছি। ইতিমধ্যে ভেঙে যাওয়া স্থানে আমাদের দপ্তরের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাবির অধীন সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত
  • ৩১ আগস্ট ২০২৬
চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেপ্তার
  • ৩১ আগস্ট ২০২৬
এনবিআরের ৫১ কর্মচারীকে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্ন…
  • ৩১ আগস্ট ২০২৬
চার ধাপে পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত, শুরুতেই বাড়তে পারে ৩০…
  • ৩১ আগস্ট ২০২৬
কক্সবাজারে বাস থেকে ২৪ হাজার ইয়াবা জব্দ, চালক-হেলপার আটক
  • ৩১ আগস্ট ২০২৬
এশিয়া কাপে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
  • ৩১ আগস্ট ২০২৬