সাতকানিয়ায় মাদ্রাসায় হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ

সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে একটি মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও দেয়ালে ‘জয় বাংলা’ লেখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চার শিক্ষার্থী আহত হওয়ার দাবি করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে সংবাদ সম্মেলনে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ ও মাওলানা মাহমুদুল করিম কাসেমী লিখিত বক্তব্য পাঠ করেন।

মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারের এ হামলায় মাদ্রাসার চারজন শিক্ষার্থী আহত হয়েছে। হামলাকারীরা ঘটনাটিকে ভিন্ন দিকে মোড় দেওয়ার লক্ষ্যে মাদ্রার সিসিটিভি ক্যামেরায় কালো রঙের স্প্রে দিয়ে ঢেকে দেয়। এরপর দেয়ালে স্প্রে দিয়ে রাজনৈতিক স্লোগান ‘জয় বাংলা’ এঁকে দেয়।

তিনি আরও বলেন, ‘জায়গাটি অনেক বছর আগে মাদ্রাসার জন্য খরিদ করা হয়েছে। এরপর দীর্ঘ বছর ধরে সুনামের সঙ্ড়ে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি স্থানীয় আব্দুল্লাহ নামের এক ব্যক্তি জোরপূর্বক মাদ্রাসার রাস্তা দখলের অপচেষ্টায় লিপ্ত হওয়ায় আমরা উপজেলা প্রশাসন ও আদালতের শরণাপন্ন হই। এরপর আদালত ওই জায়গায় উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। তবে আদালতের আইনি নিষেধাজ্ঞা ও লিগ্যাল এইডের নোটিশ তোয়াক্কা না করেই প্রতিপক্ষের লোকজন এমন তাণ্ডব চালিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মাওলানা মাহমুদুল করিম কাসেমী অভিযোগ করে বলেন, ‘হামলাকারীরা সিসিটিভি ক্যামেরার লেন্স কালো রঙের স্প্রে ব্যবহার করে ঢেকে দিয়ে সুপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত আহত হয়েছে। এ ছাড়া সিসিটিভি ক্যামেরায় স্প্রে করার পূর্ব মুহূর্ত পর্যন্ত হামলাকারীদের প্রবেশ ও গতিবিধির স্পষ্ট ফুটেজ আমাদের কাছে রয়েছে। সেখানে হামলাকারীদের স্পষ্ট চেনা যাচ্ছে। তারা পালিয়ে যাওয়ার সময় ভাঙচুরের কাজে ব্যবহৃত একটি হাতুড়ি ঘটনাস্থলে ফেলে যায়। ঘটনার পরপরই আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ হামলার ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

হামলার ঘটনায় অভিযুক্ত মো. আব্দুল্লাহর ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা নিজেরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত। এরপর আমাদের ওপর দায় চাপিয়ে দিচ্ছে।’

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামিয়াতুল আরবিয়াতুল হাফেজিয়া ছমদর পাড়া বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হোসাইন, ঠাকুরদিঘী হেমায়তুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হক, বোর্ড অফিস মাদ্রাসার পরিচালক মাওলানা ফয়সাল হাকিম, সাতকানিয়া জামে মসজিদের খতিম মাওলানা হাবিবুল্লাহ, ঘাটিয়াডেঙ্গা আইনুল উলুম মাদ্রাসা পরিচালক মাওলানা আব্দুল মুবিন, রাহে নাজাত মাদ্রাসার পরিচালক মাওলানা জুনায়েদ, খরাইয়ানগর মাদ্রাসার পরিচালক মাওলানা তৌহিদুর রহমান, উলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হাফেজ হারুন বিন রশিদ, ছিটুয়া পাড়া দারুল আরকাম মাদ্রাসার পরিচালক মাওলানা জোনায়েদ ফয়েজী, ছমদরপাড়া বড় মাদ্রাসার শিক্ষক মাওলানা হাফেজ শোয়াইব, সাতকানিয়া উলামা পরিষদের সেক্রেটারি মাওলানা দেলোয়ারসহ প্রমুখ।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬