‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ

৩১ জুলাই ২০২৬, ০৮:১৭ AM
হারুনের ভাতের হোটেলে খাবার খেয়েছেন রাজনীতিবীদ থেকে অভিনেত্রী

হারুনের ভাতের হোটেলে খাবার খেয়েছেন রাজনীতিবীদ থেকে অভিনেত্রী © টিডিসি সম্পাদিত

একসময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের নাম উচ্চারিত হতো ‘ভাতের হোটেল’ বিতর্কের সঙ্গে। ডিবি কার্যালয়ে বিভিন্ন ব্যক্তি ও আলোচিত অতিথিকে ডেকে এনে ভাত খাওয়ানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। পরে এই কর্মকাণ্ডই ‘হারুনের ভাতের হোটেল’ নামে পরিচিতি পায়। বিতর্কের একপর্যায়ে ৩১ জুলাই তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়। সেই দিনটিকেই অনেকে ‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন হিসেবে স্মরণ করেন।

ডিবি কার্যালয়ে ডাকা বিভিন্ন ব্যক্তি, রাজনীতিক, তারকা ও আলোচিত ব্যক্তিদের সঙ্গে ভাত খাওয়ার ভিডিও নিয়মিত প্রকাশ করতেন হারুন। তিনি এসব কর্মকাণ্ডকে ‘মানবিকতা’ হিসেবে উপস্থাপন করলেও সমালোচকেরা একে গোয়েন্দা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার ঘটনা হিসেবে দেখেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক হাস্যরস তৈরি হয়। অনেকেই ডিবি কার্যালয়কে ‘হারুনের ভাতের হোটেল’ নামে ডাকতে শুরু করেন। বিভিন্ন সাক্ষাৎকারে হারুন নিজেও এই নাম উপভোগ করেছিলেন।

হারুন আরেকটি নামে পরিচিতি পান—‘হাউন আঙ্কেল’। বরেণ্য অভিনেতা আব্দুল কাদেরের নাতনি ও শিশুশিল্পী সিমরিন লুবাবা একবার সাইবার-সংক্রান্ত সমস্যার সমাধান পেয়ে গণমাধ্যমে অভিজ্ঞতা জানাতে গিয়ে উত্তেজনাবশত হারুনকে ‘হাউন’ বলে সম্বোধন করেন। পরে হারুন একের পর এক বিতর্কে জড়ালে সামাজিক মাধ্যমে নেটিজেনরা তাকে ‘হাউন আঙ্কেল’ নামে ডাকতে শুরু করেন। একপর্যায়ে শব্দটি বিদ্রূপাত্মক পরিচয়ে পরিণত হয়।

জুলাইয়ের আন্দোলন এবং ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেয়ালজুড়ে আঁকা নানা গ্রাফিতিতেও জায়গা পায় ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’ লেখা। কারণ, আওয়ামী লীগ সরকারের সময় সরকারবিরোধীদের কাছে ডিবি কার্যালয় ছিল আতঙ্কের প্রতীক।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়। আন্দোলনের ছয় সমন্বয়কারীকে নিরাপত্তা দেওয়ার কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে ২৪ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়। পরে তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের ভিডিও ধারণ করে প্রচার করা হয়। একই সঙ্গে তাদের সঙ্গে ভাত খাওয়ার ছবিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন হারুন।

এ ঘটনায় উচ্চ আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করেন। আদালত বলেন, ‘জাতিকে নিয়ে মশকরা কইরেন না, যারে ধরেন, খাবার টেবিলে বসাইয়া দেন।’ বিষয়টি পরে ১৪-দলীয় জোটের এক রুদ্ধদ্বার বৈঠকেও ওঠে। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে হারুনকে ডিবি থেকে সরানোর সিদ্ধান্ত হয়। এরপর ৩১ জুলাই তাকে ডিবি থেকে প্রত্যাহার করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

২০২২ সালের জুলাইয়ে হারুন ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব নেন। এরপর ২০২৩ সালের ২৯ জুলাই আওয়ামী লীগবিরোধী আন্দোলনের সময় বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে এনে নিজ হাতে ভাত খাওয়ানোর ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিও থেকেই মূলত ‘ভাতের হোটেল’ বিতর্কের সূচনা হয়। পরে ডিবি কার্যালয়ে নানা অতিথিকে ভাত খাওয়ানোর ঘটনা নিয়মিত হয়ে ওঠে।

এই ‘ভাতের হোটেলের’ খাবারের মান নিয়েও সমালোচনা হয়েছিল। আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম, যিনি হিরো আলম নামে পরিচিত, হত্যার হুমকির অভিযোগ নিয়ে ১৩ সেপ্টেম্বর হারুনের সঙ্গে দেখা করতে যান। সেদিন দুই সহযোগীসহ তিনি ডিবি কার্যালয়ে দুপুরের খাবার খান।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আপ্যায়ন নিয়ে সরাসরি প্রশ্ন না তুললেও খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হিরো আলম। তিনি বলেন, ‘আমাদের আলুভর্তা আর ডাল দেওয়া হয়েছে। এটা ঠিক না। দুরকম খাবার দিচ্ছেন, ঠিক নাকি? অপু (অপু বিশ্বাস) এলে অনেক খাবার দিছেন, নেতা আসলেও অনেক কিছু খেতে দিছেন। আর আমারে খালি আলুভর্তা, ডাল, ভাজি দিছেন।’

হারুন অর রশীদ বিসিএস পুলিশ ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি কিশোরগঞ্জে। ২০১১ সালে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার থাকাকালে সংসদ ভবনের কাছে তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুককে মারধরের ঘটনায় তার নাম আলোচনায় আসে।

পুলিশ সুপার হিসেবে গাজীপুর ও নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালেও তিনি একাধিক বিতর্কে জড়ান। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই দিন আগে নির্বাচন কমিশন তাকে গাজীপুর থেকে প্রত্যাহারের নির্দেশ দিলেও পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে পুনরায় সেখানে পদায়ন করে।

নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। রাসেলের গাড়ি, চালক এবং তার স্ত্রী-সন্তানকে আটক করে গাড়ি থেকে মাদক ও গুলি উদ্ধারের দাবি করা হয়। কিন্তু পরে বাসা থেকে তুলে নেওয়ার সিসিটিভি ফুটেজ প্রকাশ পেলে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর ২০১৯ সালের নভেম্বরে তাকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়।

২০২১ সালে অতিরিক্ত ডিআইজি হিসেবে ডিবি উত্তর, সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম কমিশনার হন হারুন। এক বছরের মধ্যে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগের দায়িত্ব পান। সেই সময় থেকেই ‘ভাতের হোটেল’সহ একাধিক বিতর্কের কেন্দ্রে চলে আসেন।

ডিবিতে দায়িত্ব পালনকালে বিকৃত সুরে রবীন্দ্রসংগীত গাওয়ার অভিযোগে হিরো আলমকে আটক করেও সমালোচনার মুখে পড়েন হারুন। ঘটনাটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়। এতে পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়েও অস্বস্তি তৈরি হয়েছিল।

গয়েশ্বর চন্দ্র রায়কে রাস্তায় মারধরের পর ডিবি কার্যালয়ে এনে ভাত খাওয়ানোর ভিডিও প্রচারও ছিল বহুল আলোচিত ঘটনা। এ ছাড়া সাধারণ নাগরিক, বিভিন্ন তারকা ও আলোচিত ব্যক্তিদের ডেকে এনে তাদের সঙ্গে ভাত খাওয়ার ভিডিও প্রকাশ করতেন তিনি। অভিযোগ রয়েছে, ব্লগার ও টিকটকারদের দিয়ে নিজের পক্ষে ভ্লগ তৈরি করিয়েও প্রচার চালাতেন।

ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, আলোচিত এমপি আনার হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে ডিবি থেকে সরানোর পেছনেও হারুনের ভূমিকা ছিল। তার কাছে নিয়মিত দেখা করতে যেতেন না এমন কর্মকর্তাদের তিনি অপছন্দ করতেন বলেও ওই কর্মকর্তা অভিযোগ করেন।

ডিবির একাধিক সূত্রের দাবি, সরকারের বিশেষ আনুকূল্য পাওয়ার আশায় বৈষম্যবিরোধী আন্দোলনের ছয় সমন্বয়কারীকে ডিবি কার্যালয়ে আনার নির্দেশ দেন হারুন। পরে তাদের নিয়ে প্রচারণা চালান নিজের স্বার্থে। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং রাজনৈতিক অঙ্গনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতেই তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হয়।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই হারুন অর রশীদের আর কোনো প্রকাশ্য খোঁজ মেলেনি। তবে তার কর্মকাণ্ড এবং ‘হারুনের ভাতের হোটেল’ এখনো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে আছে।

মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9