ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

২৭ মে ২০২৬, ১০:৩৯ AM
মহাসড়কে তীব্র যানজট

মহাসড়কে তীব্র যানজট © ফাইল ছবি

ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানবাহনের চাপ, টানা বৃষ্টি এবং একাধিক দুর্ঘটনার কারণে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত যমুনা সেতু এলাকায় কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে এবং কিছু গাড়ি বিকল হয়ে যায়। এতে সেতু এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনায় পড়া গাড়িগুলো রেকার দিয়ে সরাতে সময় লাগায় টোল প্লাজাও কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। সকাল ৮টার পর থেকে মহাসড়কে ধীরগতিতে গাড়ি চলতে দেখা যায়। যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে এলেঙ্গা, রাবনা বাইপাস, নগরজলফৈই ও করটিয়া পর্যন্ত দীর্ঘ যানজট ছড়িয়ে পড়ে।

পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রাত তিনটার পর শুরু হওয়া ভারী বৃষ্টির কারণে মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি ছিল। এর মধ্যেই সেতুর ওপর একাধিক দুর্ঘটনা এবং গাড়ি বিকলের ঘটনা ঘটায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এদিকে গাজীপুরের চন্দ্রা এলাকাতেও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতু দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন পারাপারের চেষ্টা চলছে। দুই প্রান্তে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা দুটি বুথ রয়েছে।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক আনিসুর রহমান জানান, অতিরিক্ত গাড়ির চাপ, সেতু এলাকায় দুর্ঘটনা এবং বৃষ্টির কারণে যান চলাচল ধীর হয়ে পড়ে। যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশ মহাসড়ককে চারটি সেক্টরে ভাগ করে কাজ করছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬
আফগানিস্তান সিরিজের সূচিতে ফের পরিবর্তন
  • ১৪ অক্টোবর ২০২৬
জুলাইয়ে সারজিসকে বহিষ্কার ও হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ
  • ১৪ অক্টোবর ২০২৬
লন্ডনে প্রতি ৪ মিনিটে চুরি হচ্ছে ১ গাড়ি, অপরাধ কমাতে হিমশিম…
  • ১৪ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে
  • ১৪ অক্টোবর ২০২৬
মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ, দিতে হবে ফি—জেনে নিন খুঁটি…
  • ১৪ অক্টোবর ২০২৬