হাঁস চুরির ঘটনায় সালিসে ‘অপমান’ সহ্য করতে না পেরে তরুণের আত্মহত্যা

০৯ মার্চ ২০২৬, ০৪:০৮ PM
মাসুম

মাসুম © সংগৃহীত

চাঁদপুর জেলার ফরিদগঞ্জে হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সালিশের রায় ও অপমান সহ্য করতে না পেরে মাসুম (১৯) নামের এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে ফরিদগঞ্জের গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের মিজি বাড়িতে ঘটেছে। রাত প্রায় সাড়ে নয়টায় থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি হাঁস চুরির অভিযোগে শনিবার সকাল থেকে রাত পর্যন্ত কয়েক দফায় মাসুমকে শাসানো ও মারধর করা হয়। রবিবার সকালে স্থানীয় ইউপি সদস্যের নেতৃত্বে সালিশ বৈঠক বসে। সালিসে মাসুমকে দোষী সাব্যস্ত করে ‘নাকে খত’ দেওয়ানো এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তাকে ও তার পরিবারকে অপমান করা হয়েছে বলেও অভিযোগ পরিবারের।

মাসুমের মা মৌসুমী বেগম বলেন, ‘হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিছু লোকজন আমার ছেলেকে বারবার মারধর ও হুমকি দেয়। সালিসে তাকে অপমানজনক শাস্তি দেওয়া হয় এবং জরিমানা করা হয়। আমি বিকেলে মাদ্রাসায় গেলে পরে খবর পাই, অপমান সইতে না পেরে সে গলায় ফাঁস দিয়েছে। এ ছাড়া আমাদের ঘরেও ভাঙচুর চালানো হয়েছে।’

মাসুমের খালা সুমি বেগম বলেন, ‘এটি আত্মহত্যা নয়, তাকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আ. গনি বলেন, ‘আমি বাড়ির অভিভাবক হলেও আমাকে না জানিয়েই বিচার করা হয়েছে। বিচার সঠিক হয়েছে কি না জানি না, তবে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

অভিযোগকারী পক্ষের সদস্য নয়ন পাটওয়ারী বলেন, ‘শুক্রবার রাতে আমাদের ঘর থেকে তিনটি হাঁস চুরি হয়। পরে জানতে পারি মাসুম ও আল-আমিন আমার আত্মীয়ের কাছে হাঁসগুলো বিক্রি করেছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি সালিসের ব্যবস্থা করেন।’

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘হাঁস চুরির অভিযোগের পর এলাকাবাসীকে নিয়ে সালিস করা হয়। সালিসের সিদ্ধান্ত অনুযায়ী তাকে জরিমানা করা এবং নাকে খত দিতে বলা হয়। পরে সন্ধ্যার দিকে তার আত্মহত্যার খবর পাই। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, তরুণের আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১০টায় মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬