নির্জন সড়কে কনকনে শীতে একে অন্যকে জড়িয়ে বসে ছিল শিশু দুটি

৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪ AM
ভুক্তভোগী দুই শিশু

ভুক্তভোগী দুই শিশু © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উপজেলার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় অসুস্থ দুই সন্তানকে সড়কের পাশে ফেলে রেখে চলে গেছেন পাষণ্ড মা-বাবা। 

কনকনে শীতের মাঝে চার বছর বয়সী এক কন্যা শিশু ও তার দুই বছর বয়সী বাকপ্রতিবন্ধী ছোট ভাইকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন মহিম উদ্দিন নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক। উদ্ধারের সময় দেখা যায়, তীব্র ঠান্ডায় ছোট ভাইটিকে পরম মমতায় আগলে ধরে বসে আছে বড় বোন আয়েশা।

গত রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শিশু দুটিকে রাস্তার পাশে কাঁপতে দেখেন মহিম উদ্দিন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, ‘সন্ধ্যার পরও দুই শিশুকে অসহায় অবস্থায় বসে থাকতে দেখে আমি এগিয়ে যাই। বড় শিশুটির সঙ্গে কথা বলে তাদের দুরবস্থা বুঝতে পেরে মানবিক কারণে তাদের নিজের বাড়িতে নিয়ে আসি।’ বর্তমানে শিশু দুটি মহিম উদ্দিনের আশ্রয়ে রয়েছে।

উদ্ধার হওয়া চার বছর বয়সী আয়েশার দেওয়া তথ্যমতে, তাদের বাড়ি সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায়। তাদের বাবার নাম খোরশেদ আলম এবং মায়ের নাম ঝিনুক আখতার। আয়েশা জানায়, তাদের মা-বাবার কাছ থেকে এনে এক খালা তাদের এই নির্জন সড়কের পাশে বসিয়ে রেখে চলে যান।

মহিম উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার শিশু দুটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, 'দুই শিশুই অসুস্থ, ছোট শিশুটি প্রতিবন্ধিও। রাতে তাদেরকে গরম পানি দিয়ে গোসল করিয়ে খাবার খাওয়ানোর তারা কিছুটা স্বাভাবিক হয়েছে। আমাদের ধারণা শিশু দুইটি অসুস্থ হওয়ায় মা-বাবা এমন কাজ করেছে।'

ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ তৎপরতা শুরু করেছে। আনোয়ারা থানার সাব ইন্সপেক্টর মোমেন বলেন, 'বিষয়টি শুনার পর আমি ঘটনাস্থলে এসেছি, বিভিন্ন থানায় ছবি ও তথ্য পাঠিয়েছি।' শিশুদের পরিচয় ও পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে তিনি জানান।

উপজেলা প্রশাসন থেকেও শিশু দুটির দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, 'সড়কের পাশে পাওয়া দুই শিশুকে উদ্ধার করে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে সেইভহোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এজন্য পুলিশ প্রশাসন ও সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।'

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬