নগদের সিইও পদে যোগ দিলেন রাহেল আহমেদ © সংগৃহীত
সরকারের ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগ দিয়েছেন রাহেল আহমেদ। এর আগে সর্বশেষ তিন বছর তিনি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ছিলেন। তার আগে ২০১৫ সালে একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও ব্যাংকটির ডিজিটালাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাহেল।
ব্যাংকার হিসেবে দুই যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন রাহেল আহমেদ দেশের তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি ক্ষেত্রে জামানতবিহীন ঋণের প্রচলন করে সাড়া ফেলেন।
১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে রাহেল আহমেদের কর্মজীবন শুরু হয়। পরে একই প্রতিষ্ঠানে করপোরেট ব্যাংকিং ডিভিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্থানীয় করপোরেট ও আন্তর্জাতিক করপোরেট বিভাগের প্রধান হিসেবেও কাজ করেন। মাঝে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের ইমিরেটস ইসলামিক ব্যাংক এবং ফার্স্ট গালফ ব্যাংক পিজেএসসিতে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন নেদারল্যান্ডসের ম্যাসট্রিখ্ট স্কুল অব বিজনেস থেকে ইন্টারন্যাশনাল বিজনেসে এমবিএ ডিগ্রিধারী রাহেল আহমেদ।
‘নগদ’-এর তিন কোটির বেশি কার্যকর গ্রাহক রয়েছে এবং প্ল্যাটফর্মটির মাধ্যমে দিনে গড়ে ৩০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে বিভিন্ন ভাতা বিতরণেও সরকারকে একটি চমৎকার ডিজিটাল প্ল্যাটফর্ম উপহার দিয়েছে ‘নগদ’।
যেকোনো মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করা, ফ্রি ইউটিলিটি বিল দেওয়া বা বাজারের প্রচলিত চার্জের অর্ধেক খরচে ক্যাশ-আউট করার সুবিধা গ্রাহকের কাছে ‘নগদ’-কে জনপ্রিয় করে তুলেছে।