রাশেদ খাঁন
রাশেদ খাঁন ও সালাহউদ্দিন আহমেদ © টিডিসি সম্পাদিত
জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পরিকল্পিতভাবে ‘বেয়াদবি’ করছেন বলে অভিযোগ করেছেন রাশেদ খাঁন। তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলের ৯০ জন সংসদ সদস্যের হইচইয়ের মধ্যে এ আচরণের প্রতিফলন দেখা যায়।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পোস্টে তিনি বিরোধী দলকে ‘ড. মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট’ উল্লেখ করে তাদের সংসদীয় আচরণের সমালোচনা করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের সাথে পরিকল্পিতভাবে যে বেয়াদবি করছে, এটা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এদের শরীরে হয়তো জ্বালাপোড়া শুরু হয়ে যায়, যার প্রতিফলন ৯০ জন বিরোধীদলীয় এমপির হাউকাউয়ের মধ্যে পরিলক্ষিত হয়।’
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর থাকলেও জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণ আওয়ামী লীগের চেয়ে ভালো নয়। তার ভাষ্য, ‘একদিকে বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর, আবার অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামীলীগের চেয়ে কোনো অংশে ভাল নয়।’
রাশেদ খাঁন লেখেন, ‘সবমিলিয়ে আওয়ামীলীগ আগুন দিচ্ছে, আর তাতে ঘি ঢেলে দিচ্ছে জামায়াত-এনসিপি। আওয়ামীলীগের আগুনসন্ত্রাসের দায়কে বিএনপি সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে জামায়াত-এনসিপি।’
বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খাঁনের অভিযোগ, আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় বিরোধী দল রাজপথে থাকার কথা না বলে তাদের বক্তব্যে সরকারকে দুর্বল করার আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে। তিনি দাবি করেন, বিরোধী দলের বক্তব্য শুনে মনে হচ্ছে, তারা আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস অব্যাহত থাকুক, এমনটাই চায়।
পোস্টের শেষে জামায়াত জাতীয় পার্টির মতো ‘ট্র্যাপে’ পড়েছে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়ে বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। কিন্তু আওয়ামী ও জামায়াতি ফ্যাসিবাদের এই যৌথ মিশন কখনো সফল হবে না, ইনশাআল্লাহ।’