২৪ লাখ টাকা দিয়ে চাকরি, যোগদান করতে গিয়ে জানলেন ভুয়া!

২২ জুলাই ২০২০, ০৮:১১ AM

© সংগৃহীত

শরীয়তপুরে অফিস সহায়ক পদে চাকরি দেয়ার নাম করে ভুয়া নিয়োগপত্র দিয়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। জেলার  ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহায়ক হালিমা খাতুন এক নারী ও তার ভাইয়ের কাছ থেকে ওই টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গত ৭ জুন গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া গ্রামের ভুক্তভোগী খাদিজা আক্তার নুপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হালিমা খাতুন ও তার বাবা মো. আলী আহম্মদ আকনের বিরুদ্ধে।

জানা গেছে, চাকরি দেয়ার নাম করে নাগেরপাড়া গ্রামের শাহ আলম ব্যাপারীর মেয়ে খাদিজা আক্তার ও তার ছোট ভাই নাজমুল ব্যাপারীর কাছ থেকে ২৪ লাখ টাকা হাতিয়ে নেন হালিমা খাতুন। তিনি গোসাইরহাটের তারুলিয়া গ্রামের বাসিন্দা।

এরপর ওই ভাই-বোনকে অফিস সহায়ক (রাজস্ব প্রশাসন) পদে চাকরিতে যোগদানের নিয়োগপত্র দেয়া হয়। নিয়োগপত্রে জেলা প্রশাসকের স্বাক্ষর রয়েছে। গত ১ এপ্রিল কর্মস্থলে যোগদানের কথা উল্লেখ ছিল নিয়োগপত্রে। ওই দিন যোগ দিতে গিয়ে তারা জানতে পারেন নিয়োগপত্র ভুয়া।

নুপুরের স্বামী মাহবুব আলম বলেন, ‘আমার স্ত্রী ও শ্যালক নাজমুলের চাকরির জন্য হালিমা খাতুনের সঙ্গে যোগাযোগ করি। তখন হালিমা বলেন, আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। কয়েকজনকে চাকরি দিতে পারব, তবে টাকা লাগবে। চাকরি না হলে ফেরত দেব।’

তিনি বলেন, তার কথা বিশ্বাস করে স্ত্রী ও শ্যালকের জন্য ঋণ করে কয়েক দফায় ২৪ লাখ টাকা দেই। টাকা দেয়ার সময় হালিমার বাবা উপস্থিত ছিলেন। আমার স্ত্রী ও শ্যালককে নিয়োগপত্র দেন হালিমা। তা নিয়ে স্ত্রী ও শ্যালক যোগদান করতে গেলে জানা যায় নিয়োগপত্র ভুয়া। এরপর হালিমার কাছে  ২৪ লাখ টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা শুরু করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের জানালেও সমাধান হয়নি। তাই জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে আমার স্ত্রী। চাকরির দরকার নেই, টাকা ফেরত চাই।

এ ব্যাপারে ডামুড্যা ইউএনও কার্যালয়ের অফিস সহায়ক হালিমা খাতুন বলেন, ২৪ লাখ টাকা নয়; সাত লাখ টাকা নিয়েছি। চার লাখ টাকা ফেরত দিয়েছি। বাকি টাকা কিস্তিতে ফেরত দেব।

জানতে চাইলে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) কাজী আবু তাহের বলেন, একটি অভিযোগ পেয়েছি। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি তদন্ত করতে বলেছি। এর সত্যতা পেলে ওই নারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মা…
  • ১৪ আগস্ট ২০২৬
পুলিশ ভেবে তুরাগ নদীতে ঝাঁপ, দুই দিন পর যুবকের লাশ উদ্ধার
  • ১৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মাঠে যৌথ বাহিনী
  • ১৪ আগস্ট ২০২৬