গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?

১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৯ PM
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?

গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে? © সংগৃহীত

বিয়ে একটি পবিত্র বন্ধন। পবিত্র এই বন্ধনে আল্লাহর পক্ষ যুক্ত হয় রহমত, যার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে সৃষ্টি হয় ভালোবাসা, আকর্ষণ ও দায়িত্ববোধ। বিয়ের মাধ্যমে নারী পুরুষের বৈধ সম্পর্ক স্থাপিত হয়। চারিত্রিক হেফাজত হয়। মানুষের বংশগতির ধারাবাহিকতা রক্ষা পায়। এজন্য ইসলামে বিয়েকে ইবাদাতের পর্যায়ে গণনা করা হয়। বিবাহের মাধ্যমে একজন মানুষ তার ব্যক্তিত্ব গঠন, আত্মমর্যাদা, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে পরিপূর্ণ মানবীয় গুণাবলি অর্জন করতে সক্ষম হয়।

পবিত্র কোরআনে বলা হয়েছে, 'তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পন্ন করে দাও, তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও।' (সুরা আন নূর : ৩২) রাসূল (স.) বলেছেন, 'বিয়ে আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার দলভুক্ত নয়।' (সুনানে ইবনে মাজাহ-১৮৪৬)।

বিয়ে মাধ্যমে পরিবার, পরিবার থেকে সমাজ কাঠামো গড়ে ওঠে। এজন্য ইসলামে বিবাহকে কেবল ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচিত করা হয় না, বরং বিয়েেকে একটি সামাজিক ও নৈতিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। বিবাহিত নারী-পুরুষের পারস্পরিক দায়িত্ববোধ, সন্তান লালন-পালন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা সহ নানাবিধ দায়িত্ব পালন করতে হয়। আর এ সামাজিক প্রক্রিয়ায় বিয়ের সামাজিক স্বীকৃতি জরুরি। কিন্তু বর্তমানে অনেকেই বিয়েেকে কেবল ভোগ বিলাসের হাতিয়ার তথা নিছক হাসি-খেলার বস্তুতে পরিণত করে ফেলেছে।

বিয়ে কোনো সাময়িক দায়িত্ব নয়। দুটি মানুষের সারা জীবন একসাথে চলার প্রত্যয়। বিবাহের সাথে মানুষের পরিচয়, সম্মান, অধিকার, দায়িত্ববোধ, সন্তানের ভবিষ্যৎ জড়িত। এজন্য বিয়ে হতে হবে প্রকাশ্যে, সামাজিকভাবে, সবাইকে জানিয়ে। কাউকে না জানিয়ে গোপনে বিবাহ করা অনুচিত, অসম্মানজনক, অপ্রে উদ্দেশ্যপ্রণোদিত। কারণে এতে প্রতারণা, স্ত্রী সন্তানের দায়িত্ব গ্রহণে গাফিলতি, খেয়াল-খুশি মতো তালাক বা বিবাহ বিচ্ছেদ, নারী নির্যাতন, নারী সহিংসতা, পারিবারিক কলহ, সামাজিক অশান্তি সহ নানাবিধ অপরাধের সুযোগ তৈরি হয়।

বিয়ের ক্ষেত্রে ইসলাম গোপনীয়তাকে পছন্দ করে না। হজরত আয়েশা সিদ্দিকা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, মহানবি (স.) বলেছেন, 'প্রকাশ্যে বিয়ের ঘোষণা দাও, মসজিদে বিয়ে কর এবং দফ বাজাও।' (জামে তিরমিযী-১০৮৯, সুনানে ইবনে মাজাহ-১৮৯৫) আলোচ্য হাদিসে বিয়ের ক্ষেত্রে তিনটি করণীয় নির্দেশিত হয়েছে। প্রথমত, বিয়ের কথা প্রকাশ্যে সবাইকে জানিয়ে দেওয়া। দ্বিতীয়ত, মসজিদে বিয়ে করা। মসজিদ সাধারণ মুসলিমের সমাবেশ স্থল। মসজিদে বিবাহ হলে সর্বসাধারণ মানুষ বিয়ের ব্যাপারে জানতে পারে। তৃতীয়ত, দফ বাজানো। দফের আওয়াজে আশপাশের সব মানুষ বিয়ের ব্যাপারে অবগত হবে। সুতরাং তিনটি কাজের উদ্দেশ্যই হলো বিয়েকে সর্বসাধারণের নিকট জানিয়ে দেওয়া। এছাড়া বিয়ের পর রাসূল (স.) ওলিমা বা স্ত্রীভোজের আয়োজন করতে উৎসাহিত করেছেন।

বিয়ের উদ্দেশ্য কেবল জৈবিক চাহিদা পূরণ নয়। বিয়ের সাথে পারিবারিক, সামাজিক দায়বদ্ধতা জড়িত। কিন্তু এসব দায়িত্ব এড়াতে আজকাল গোপনে বিয়ে করার প্রবণতা বাড়ছে। আধুনিক সমাজে যুবক যুবতী অভিভাবককে উপেক্ষা করে তাদের পছন্দমতো একান্ত গোপনে বিয়ে করছে। যা ইসলামে অত্যন্ত নিন্দনীয়। রাসূল (স.) বলেছেন, 'যে নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করবে তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল।' (সুনানে আবু দাউদ-২০৮৩, জামে তিরমিযী-১১০২, সুনানে ইবনে মাজাহ-১৮৯ই) একজনের বিবাহ বাতিল হওয়ার মাধ্যমে উভয়ের বিবাহই বাতিল হয়ে যায়। হাদিসে নারীদেরকে বিশেষভবে গোপন বিবাহ থেকে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ গোপন বিবাহের মাধ্যমে সমাজে নারীরাই বেশি ভুক্তভোগী হয়। প্রতারণার শিকার হয়ে নারী সহিংসতা, চারিত্রিক অপবাদ সহ বিভিন্ন শারীরিক মানসিক নির্যাতনের কবলে পড়ে।

আবার অনেকে একাধিক বিয়ে করার ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নেয়। প্রথম স্ত্রী ও সন্তানদের না জানিয়ে গোপনে বিয়ে করে থাকে। ইসলামে একাধিক বিয়ের অনুমতি রয়েছে। কারো একাধিক বিয়ের প্রয়োজন হলে তিনি সবাইকে জানিয়েই বিয়ে করবেন। কিন্তু তা না করে গোপনে বিয়ে করা কোনো মহৎ কাজ নয়। কোনো বিশেষ পরিস্থিতিতে বিয়ের কথা জানাজানি হলে মিথ্যার আশ্রয় নেন। অনেক ক্ষেত্রে বিবাহিত স্ত্রীকে অস্বীকার করেন। নানা প্রতারণার আশ্রয় নিতে গিয়ে কখনো ব্যর্থ হয়ে বিয়ের কথা স্বীকার করেন। এতে নিজের ব্যক্তিত্ব ও মর্যাদা হারান। প্রথম স্ত্রী সন্তানের নিকট লজ্জিত হন। স্ত্রীদের মাঝে ইনসাফ করতে ব্যর্থ হন। অথচ আল্লাহ তাআলা এরশাদ করেন, 'যদি তোমরা আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে একজন স্ত্রীকেই যথেষ্ট থাকো।' (সুরা নিসা-৩)
বিবাহের ক্ষেত্রে আবশ্যকীয় শর্তাবলির অন্যতম শর্ত হলো, নারী পুরুষের বিয়ের প্রস্তাব প্রেরণ ও কবুলের বিষয়টি দুজন পুরুষ সাক্ষী উপস্থিতিতে সংঘটিত হওয়া। রাসূল (স.) বলেছেন, 'অভিভাবক ছাড়া কোনো বিয়ে নেই এবং দুজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিয়ে নেই।' (সহিহ ইবনে হিব্বান-১/৩৮৬, ৩৮০, দারে কুতুনী-৪/৩২৩, ৩৫৩০) কিন্তু আমাদের সমাজে প্রায়ই দেখা যায়, অনেকেই পরিবার বা সমাজের আড়ালে গোপনে বিবাহ করে থাকেন। গোপনে বিয়ের দুটি পর্যায় হতে পারে।

প্রথমত, এমন বিয়ে যাতে দুজন পুরুষ মহিলা নিজেরাই বিয়ে করেছেন, কিন্তু তাদের অভিভাবকের অনুমতি নাই, দুজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ সাক্ষীও উপস্থিত ছিল না, এরূপ বিয়ে সর্বসম্মত মত অনুযায়ী বাতিল। এ বিয়ে ইসলামে শরীয়তে অবৈধ।

দ্বিতীয়ত, দুজন সাক্ষীর উপস্থিতিতে দুজন প্রাপ্ত বয়স্ক পুরুষ-মহিলা যারা অভিভাবকের অনুমতাহীন অবস্থায় বিয়ে করেছে এবং বিয়েতে মোহর নির্ধারিত হয়েছে, সে বিয়ের বৈধতা নিয়ে আলেমদের মাঝে মতভেদ রয়েছে।

হানাফি মাজহাবের আলেমদের মত হলো, প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষের বিয়েতে দুজন সাক্ষী উপস্থিত থাকলে বিয়ে শুদ্ধ হয়ে যাবে। তবে বিয়ে গোপন রাখা এবং ভবিষ্যতে অস্বীকার করার উদ্দেশ্যে বিয়ে গোপন করা শরিয়তের উদ্দেশ্যের পরিপন্থি। হানাফি ফতোয়ার কিতাবে বর্ণিত হয়েছে, বিবাহ সহিহ হওয়ার শর্ত হলো (যাদের ওপর শরিয়তের বিধান আরোপিত হয়) এমন দুজন স্বাধীন পুরুষ অথবা একজন স্বাধীন পুরুষ ও দুজন স্বাধীন মহিলা সাক্ষী হতে হবে, যারা বিয়ের প্রস্তাব ও কবুল বলার বক্তব্য নিজ কানে শুনতে হবে। (আদ দুররুল মুখতার-৩/৯)।

হানাফি আলেমদের মতে, বিবাহের ক্ষেত্রে শরয়ি সাক্ষী উপস্থিত থাকার মাধ্যমেই বিবাহ প্রকাশিত হয়ে যায়। তাই বিয়ে সমাজে প্রকাশিত না হলেও বিয়েকে বাতিল বলা যায় না। তবে, হানাফি ফিকহে গোপনে বিয়েকে কখনই উৎসাহিত করা হয় না, বরং সমাজে বিয়েকে প্রকাশিত করাকে গুরুত্বপূর্ণ সুন্নত ও মুস্তাহাব বলা হয়েছে এবং গোপন করাকে নিন্দনীয় কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

শাফেয়ী, হাম্বলী মাজহাবের আলেমগণ বলেন, অন্যান্য শর্ত পূরণ করে অভিভাবকের অনুমতিতে দুজন সাক্ষী উপস্থিত থাকলে বিয়ে বৈধ হয়ে যাবে। তবে বিয়ের কথা সমাজে গোপন করা নিন্দনীয়।

মালেকী মাজহাবের ইমাম মালেক (র.) বিয়ের গোপনীয়তার মাসয়ালায় কঠোর ছিলেন। তিনি বলেন, যদি বিয়ের ক্ষেত্রে সাক্ষীদের গোপন রাখতে শর্ত দেওয়া হয়, তবে তা শর্তসাপেক্ষে নিকাহ সিররি (গোপন বিয়ে)। আর এরূপ বিয়ে নিষিদ্ধ এবং বিচারিকভাবে বিবাহ বিচ্ছেদের বিধান প্রযোজ্য হতে পারে। (ইবনু আবদিল বার, আল কাফি ফি ফিকহি আহলিল মাদিনা: অনলাইন সংস্করণ, কিতাবুন নিকাহ্- খণ্ড-২, পৃষ্ঠা : ২)

শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া বলেন, বিয়ের ক্ষেত্রে ঘোষণা দেওয়ার বিধান রয়েছে। বিয়ের ধারাবাহিক প্রকাশ্য পরিচিতি সাক্ষ্যদানের প্রয়োজন পূরণ করে। যখন মানুষের কাছে প্রকাশিত হয়, কোনো নারী কোনো পুরুষের সাথে বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ, তখন তিনি প্রকাশ্যে অবৈধ সম্পর্ক স্থাপনকারী ও গোপনে সঙ্গিনী গ্রহণকারীদের পৃথক হয়ে যান। কিন্তু কেউ যদি তার বিবাহকে গোপন রাখে, তিনি গোপনে অবৈধ সম্পর্ককারীদের থেকে পৃথক হতে পারেন না। তিনি আরো বলেন, শুধু অভিভাবক থাকাই যথেষ্ট নয়, যতক্ষণ না বিয়েটি প্রকাশ করা হয়। (মাজমাউল ফাতাওয়া, কিতাবুন নিকাহ্, খণ্ড-৩২)

বর্তমান সময়ের সৌদি আরবের প্রসিদ্ধ আলেম শায়খ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ বলেন, এটি একটি ইজতেহাদি মাসয়ালা। যেসব দেশের মানুষেরা হানাফি মাজহাবের মত অনুসরণ করে এবং অভিভাবক ছাড়া বিবাহ বৈধ মনে করে সেসব জায়গায় যেমন : ভারত, পাকিস্তান এবং আশেপাশের দেশ সমূহ। সেখানে এরকম বিবাহকে স্বীকৃতি দেওয়া হবে, বিবাহ বাতিল বলা হবে না।

আল্লাহ বিবাহের বিধান করেছেন মানুষ যাতে শারীরিক মানসিক প্রশান্তি লাভ করতে পারে। কিন্তু যে বিয়ে মানুষ প্রশান্তির পরিবর্তে চিন্তা, পেরেশানি, লোকলজ্জা, ভয় তৈরি করে তা কেমন বিয়ে? শরিয়ত চায় বিবাহকে প্রকাশ করতে, অথচ আমরা এর বিপরীত করে সুখ লাভ করতে চাই। আমাদের সমাজে বিয়েকে নানা জটিল সমীকরণে আবদ্ধ করা হয়েছে। যুবক যুবতীদের সঠিক সময়ে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে না। একাধিক বিয়েকে নিন্দনীয় মনে করা হচ্ছে। ফলে গোপনে বিয়ের প্রবণতা বাড়ছে। উপযুক্ত বয়সে ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করতে হবে। বিয়ে সংক্রান্ত সামাজিক ট্যাবুকে কাটিয়ে উঠতে হবে। ইসলামি শরিয়তের আলোকে বিবাহের পাশাপাশি রাষ্ট্রীয় আইন অনুযায়ী বিবাহ নিবন্ধন করতে সচেতনতা তৈরি করতে হবে।

লেখক: শিক্ষক ও ইসলামী আলোচক

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠাতে নানা জায়গায় কথা বলেও ব্যর্থ …
  • ১৩ নভেম্বর ২০২৬
বিভাগীয় শহরগুলোতে হচ্ছে ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান, জাতীয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছেন…
  • ১৩ নভেম্বর ২০২৬
লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950