রাতের আঁধারে ঝটিকা মিছিল © সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাতের আঁধারে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনায় ১২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
ওসি সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ ও বিজিবির সদস্যদের ওপর হামলার ঘটনায় ১২৩ জনকে এজাহারভুক্ত এবং ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে,নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকেই টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় কিছু লোকজন জড়ো হতে থাকেন। সেখানে ঝটিকা মিছিল বের করার প্রস্তুতির খবর পেয়ে পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
একপর্যায়ে এক পুলিশ সদস্যকে দা দিয়ে আঘাত করা হয়। এতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাফর এবং বিজিবির এক সদস্য আহত হন। ঘটনার পরপরই জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।