চাকরির পেছনে না ছুটে ঋণ নিয়ে ব্যবসা করুন: প্রধানমন্ত্রী

০৫ মার্চ ২০২০, ০৯:৪৩ AM

তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘পাস করে চাকরির পিছে না ছুটে, ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য ঋণের সুদের হার কমিয়ে আনতে যাচ্ছি। যাতে করে আমাদের উদ্যোক্তারা ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।’

তিনি আরও বলেছেন, ‘দেশের সার্বিক উন্নয়নের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে হবে।’

বুধবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘এসএমই খাতে উৎপাদিত অনেক পণ্য বিশ্বমানের। এগুলোর সঙ্গে আমাদের ঐতিহ্য জড়িত। তবে ঋতু-বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে পণ্য উৎপাদন করা যায়, তা দেখতে হবে। ক্রেতার চাহিদা কী, সেটাও মাথায় রাখতে হবে; সেভাবেই পণ্য উৎপাদন করতে হবে। খবর ইউএনবির

গবেষণার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সার্বিক বিষয়ে গবেষণা করে পণ্যের চাহিদা, পণ্যের উৎপাদন ও পণ্য সরবরাহ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে এতোদিন সবাই সস্তা শ্রমের দেশ হিসেবে গণ্য করতো। আপনারা জানেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমরা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি। নিজের ঘরে বসে পণ্য যাতে বিক্রি করা যায়, সে ব্যবস্থা করা হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ৯ দিনব্যাপী এই মেলা চলবে।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আমির হোসেন আমু অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাঁচজন শিল্প উদ্যোক্তার মাঝে ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২০’ প্রদান করেন।

এবারের শিল্প মেলায় ২৯৬ জন এসএমই উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শন করবেন। যার মধ্যে রয়েছে-পাটজাত পণ্য, কৃষি ও চামড়াজাত পণ্য, ইলেকট্রিক্যাল সামগ্রী, হালকা প্রকৌশল শিল্প পণ্য, হস্ত ও কুটির শিল্প, প্লাস্টিক এবং সিনথেটিকজাত পণ্য।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশের জন্য কোনো প্রবেশমূল্য লাগবে না।

এসএসসিতে এক বিষয়ে ফেল করে নিখোঁজ, ৪ দিন পর উদ্ধার
  • ১৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদকসেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড
  • ১৫ আগস্ট ২০২৬
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্…
  • ১৫ আগস্ট ২০২৬
জাবিতে সাবেক ছাত্রদল নেতা নাহিদের মুক্তির দাবিতে মানববন্ধন
  • ১৫ আগস্ট ২০২৬
পাবনায় মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
  • ১৫ আগস্ট ২০২৬
আসামি ধরতে পুলিশকে সহযোগিতা, এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের …
  • ১৪ আগস্ট ২০২৬