টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন
টুঙ্গীপাড়ায় পুলিশের গাড়িতে আগুন © ফাইল ছবি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২২৪ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২ হাজার জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী। তিনি জানান, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে শুক্রবার বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে যুবলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের সদস্যরা তাঁদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।
একপর্যায়ে তাঁরা জনসাধারণের চলাচলের সড়ক অবরোধ করেন এবং অগ্নিসংযোগ করেন। এ সময় তাঁরা পুলিশের সরকারি গাড়ির পথরোধ করে সেটি ঘিরে ফেলেন। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালান। লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে সব কাচ ভেঙে ফেলেন।
মামলার বিবরণে আরও বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বারবার তাঁদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার অনুরোধ করে। তবে তাঁরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে মারমুখী আচরণ ও ভাঙচুর চালিয়ে যান। একপর্যায়ে তাঁরা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
এ সময় সরকারি সম্পত্তি, পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল ও তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ফাঁকা গুলি ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।