রাজধানী
জধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ) শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা বন্ধ, শ্রমিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধের দাবিতে শ্রমিক সংহতি র্যালি করেছে। © সংগৃহীত ছবি
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ২৬০ ডলার (৩২ হাজার টাকা) নির্ধারণসহ সাত দফা দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (এনজিডব্লিউএফ)। একই সঙ্গে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা বন্ধ, শ্রমিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধের দাবিতে শ্রমিক সংহতি র্যালি করেছে সংগঠনটি।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ র্যালি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।
র্যালিতে বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প বর্তমানে সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। শ্রমিকদের শ্রম ও পরিশ্রমের ওপর নির্ভর করে আন্তর্জাতিক বাজারে দেশের পোশাকশিল্প অবস্থান ধরে রেখেছে। অথচ ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা হচ্ছে না।
তাঁরা বলেন, ন্যায্য মজুরির দাবিকে কেন্দ্র করে গাজীপুর, আশুলিয়া ও সাভারসহ বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা তৈরি হয়েছে। কোথাও ভাঙচুর, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে। পাশাপাশি শ্রমিকদের বিরুদ্ধে মামলা, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও গ্রেপ্তারের ঘটনাও ঘটছে। এসব সংঘাতে একজন শ্রমিক নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে দাবি করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের বঞ্চনা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বর্তমান মজুরিতে পরিবার নিয়ে সম্মানজনকভাবে বেঁচে থাকার কঠিন বাস্তবতা থেকে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাই মজুরির দাবিকে শুধু আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে বিবেচনা করে আন্দোলন দমনের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।
তাঁদের অভিযোগ, সংকট নিরসনে শ্রমিক, মালিক, শ্রমিক সংগঠন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কার্যকর আলোচনার উদ্যোগ নেওয়ার পরিবর্তে শিল্পাঞ্চলে শ্রমিক ও শ্রমিক নেতাদের ওপর হামলা, মামলা, হয়রানি ও গ্রেপ্তারের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করছে।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি উপেক্ষা করে কিংবা ভয়ভীতি ও দমন-পীড়নের মাধ্যমে শিল্পে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। একইভাবে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমেও সংকটের সমাধান হবে না। এ জন্য সব পক্ষকে সংযম প্রদর্শন এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান তাঁরা।
র্যালি থেকে উত্থাপিত সাত দফা দাবির মধ্যে রয়েছে—গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি অবিলম্বে ২৬০ ডলার নির্ধারণ; নিহত শ্রমিকের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়া; আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ ও সুচিকিৎসা নিশ্চিত করা; জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কোনাবাড়ী থানা কমিটির সভাপতি রাজু আহমেদ ও আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক আবদুল হালিমসহ গ্রেপ্তার সব শ্রমিক নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি।
অন্য দাবিগুলো হলো—শ্রমিকদের বিরুদ্ধে হামলা, মামলা ও হয়রানি বন্ধ; ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও অবরোধ বন্ধ এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে ক্রেতাপ্রতিষ্ঠানগুলোর (বায়ার) কার্যকর ভূমিকা নিশ্চিত করা।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মো. কবির হোসেন, জেসমিন বেগম, আলেয়া বেগম, রবিউল চৌধুরী, মো. রিয়াদ হোসেন, মো. সবুজ, রহিদুল ইসলাম ও মনিরা মুন্নিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।